• facebook
  • twitter
  • youtube
Wednesday, 17 June, 2026

পশ্চিম এশিয়ায় ভারতীয় নাবিকদের নিরাপদ প্রত্যাবর্তন, এখনও পর্যন্ত দেশে ফিরলেন ২,৯২২ জন

পশ্চিম এশিয়া থেকে ২,৯২২ জন ভারতীয় নাবিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। পরিস্থিতির উপর নজর রেখে কেন্দ্রীয় সরকার নিরাপত্তা ও পরিষেবা নিশ্চিত করছে।

পশ্চিম এশিয়ার বিভিন্ন এলাকা থেকে এখনও পর্যন্ত ২,৯২২ জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানাল কেন্দ্র সরকার। গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনকে ফিরিয়ে আনা হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় দপ্তরগুলির সঙ্গে সমন্বয় রেখে নাবিকদের সুরক্ষা নিশ্চিত করতে কাজ চালিয়ে যাচ্ছে। বন্দর, জাহাজ পরিবহণ ও জলপথ দপ্তর জানিয়েছে, সংশ্লিষ্ট সব দপ্তর এবং বিদেশে থাকা ভারতীয় মিশনগুলির সঙ্গে সমন্বয় রেখে নাবিকদের নিরাপত্তা ও পরিষেবা বজায় রাখা হচ্ছে।

কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে, ‘এখনও পর্যন্ত ওই অঞ্চলে থাকা সব ভারতীয় নাবিক নিরাপদে রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভারতীয় পতাকাবাহী কোনও জাহাজের সঙ্গে অঘটনের খবর পাওয়া যায়নি।’ সরকারি নিয়ন্ত্রণকক্ষ চালু হওয়ার পর থেকে হাজার হাজার ফোন ও বার্তা এসেছে। তার মধ্যে গত এক দিনেই বহু যোগাযোগ হয়েছে বলে দপ্তর সূত্রের খবর। এই সমস্ত যোগাযোগের ভিত্তিতেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দেশের বিভিন্ন বন্দরে স্বাভাবিক কাজকর্ম চলছে বলেও জানানো হয়েছে। কোথাও জটিল সমস্যার সৃষ্টি হয়নি। ফলে বাণিজ্যিক কর্মকাণ্ডে কোনও প্রভাব পড়েনি।

অন্যদিকে, বিদেশ মন্ত্রকও পশ্চিম এশিয়ার পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। সেখানে থাকা ভারতীয়দের নিরাপত্তা, যাতায়াত ও দৈনন্দিন প্রয়োজনের বিষয়ে নিয়মিত নির্দেশিকা জারি করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের নিয়ম, যাতায়াত ব্যবস্থা ও প্রয়োজনীয় পরিষেবা সম্পর্কে ভারতীয়দের প্রতিনিয়ত সতর্ক করা হচ্ছে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, ওই অঞ্চলে বিমান পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। বিভিন্ন দেশ থেকে ভারতের উদ্দেশে উড়ান চালু রয়েছে। বিশেষ করে কিছু দেশে সীমিত হলেও যাত্রীবাহী বিমান চলাচল শুরু হয়েছে।

এছাড়া ইরান সংক্রান্ত সামগ্রিক পরিস্থিতি নিয়েও সতর্ক করেছে কেন্দ্র। সেখানে যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যারা এখনও সেখানে রয়েছেন, তাঁদের সীমান্তপথে বেরিয়ে আসার জন্য সাহায্য করছে ভারতীয় দূতাবাস। এখনও পর্যন্ত প্রায় ২,৪৯০ জন ভারতীয়কে সেখান থেকে বের করে আনা সম্ভব হয়েছে।