• facebook
  • twitter
Thursday, 30 April, 2026

বেঙ্গালুরুতে হাসপাতালের প্রাচীর ভেঙে দুই শিশু-সহ সাত জনের মৃত্যু, আহত একাধিক

হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বেঙ্গালুরুর শিবাজিনগরের বোয়ারিং অ্যান্ড লেডি কার্জন হাসপাতালের প্রাচীরের একাংশ

বেঙ্গালুরুর শিবাজিনগরে প্রাচীর ভেঙে মৃত্যু দুই শিশু-সহ সাতজন। উঁচু প্রাচীরের গা ঘেঁষে থাকা ফুটপাথে প্লাস্টিকের অস্থায়ী ছাউনির নীচে বৃষ্টির হাত থেকে বাঁচতে আশ্রয় নিয়েছিলেন বহু মানুষ। আচমকাই সেই আশ্রয়ই মৃত্যুফাঁদে পরিণত হয়। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বেঙ্গালুরুর শিবাজিনগরের বোয়ারিং অ্যান্ড লেডি কার্জন হাসপাতালের প্রাচীরের একাংশ।

বুধবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত সাত জন, যাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহু দশক পুরনো এই প্রাচীরটির উপর সম্প্রতি নতুন করে নির্মাণকাজ শুরু হয়েছিল। অতিরিক্ত চাপ এবং টানা ভারী বৃষ্টির ফলে প্রাচীরটি দুর্বল হয়ে পড়ে এবং শেষমেশ ভেঙে যায়।

Advertisement

শিবাজিনগরের বিধায়ক রিজওয়ান আরশাদ জানিয়েছেন, সন্ধ্যা প্রায় সাড়ে পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। তাঁর মতে, বজ্রপাত ও প্রবল বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যা দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, সেদিন বিকেল ৫টা ৩০ মিনিটের মধ্যে শহরে প্রায় ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

Advertisement

সিদ্ধারামাইয়ার দপ্তর থেকে জানানো হয়েছে, ভেঙে পড়া প্রাচীরের নিচে চাপা পড়েন ফুটপাথে থাকা পথচারী, হকার এবং স্থানীয় ছোট ব্যবসায়ীরা। হাসপাতালটি একটি ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত হওয়ায় প্রতিদিনই সেখানে বিপুল মানুষের আনাগোনা থাকে। বৃষ্টির হাত থেকে বাঁচতে হাসপাতাল সংলগ্ন ফুটপাথের অস্থায়ী ছাউনিতে আশ্রয় নেওয়া মানুষজনই শেষ পর্যন্ত এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন।

 

 

 

Advertisement