গরমের তীব্র দাবদাহের মাঝে স্বস্তির ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহজুড়ে। এর সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কিছু এলাকায় ঝড়ের তীব্রতা বেশি হওয়ার আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া।
অন্যদিকে, উত্তরবঙ্গেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহারেও মঙ্গলবার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। আগামী সাত দিন এই পরিস্থিতি বজায় থাকতে পারে বলে জানানো হয়েছে।
Advertisement
পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা সংলগ্ন উপকূলে হাওয়ার বেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার হলেও দমকা হাওয়ার গতিবেগ ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এই কারণে আগামী বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, উত্তর-পূর্ব ঝাড়খণ্ডে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এর প্রভাবে আগামী কয়েক দিনে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
Advertisement
Advertisement



