• facebook
  • twitter
Sunday, 26 April, 2026

বাংলায় গুন্ডারাজ চলছে, এক্স পোস্টে তৃণমূল সরকারকে তোপ রাহুলের

দেবদীপের মৃত্যুতে কংগ্রেসের অভিযোগ, ভোট পরবর্তী হিংসার কারণে তাঁকে খুন করা হয়েছে

নিজস্ব চিত্র

বাংলায় গুন্ডারাজ চলছে বলে তৃণমূল সরকারকে তোপ দাগলেন রাহুল গান্ধী। রাহুলের দাবি, ধমকানো-চমকানো, খুনজখম তৃণমূলের চরিত্র হয়ে উঠছে। আসানসোলে কংগ্রেস কর্মী দেবদীপ চট্টোপাধ্যায়ের খুনের ঘটনার প্রতিবাদে রবিবার রাহুল এক্স পোস্টে তৃণমূল সরকারের বিরুদ্ধে এই মন্তব্য করেন।

শুক্রবার রাতে আসানসোলের ভগৎ সিং মোড়ে কংগ্রেস কর্মী দেবদীপকে প্রচণ্ড মারধর করে কয়েকজন যুবক। পরিবারের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরাই দেবদীপকে মারধর করে। দেবদীপের মৃত্যুতে কংগ্রেসের অভিযোগ, ভোট পরবর্তী হিংসার কারণে তাঁকে খুন করা হয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই দেবদীপকে খুন করেছে। দেবদীপের খুন নিয়ে সমাজমাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রাহুল। কংগ্রেস সাংসদ সমাজমাধ্যমে লিখেছেন, ‘তৃণমূল আশ্রিত গুন্ডারাই কংগ্রেস কর্মী দেবদীপকে খুন করেছে। এই খুনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়।

Advertisement

দেবদীপের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। বাংলায় গুন্ডারাজ চলছে। ধমকানো-চমকানো, খুনজখম, মারধর তৃণমূলের চরিত্র হয়ে উঠছে। কংগ্রেস কখনও হিংসার রাজনীতি করে না। কংগ্রেস অহিংসা ও সংবিধানের দেখানো পথেই চলে। এটাই কংগ্রেসের ঐতিহ্য।’ এক্স পোস্টে রাহুলের দাবি, অবিলম্বে দেবদীপের খুনিদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে। মৃতের পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি আর্থিক সাহায্যের দাবিও জানিয়েছেন তিনি।

Advertisement

কংগ্রেস কর্মীর খুনের ঘটনায় এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, ধৃতদের সঙ্গে রাজনীতির যোগ নেই। নির্বাচন কমিশনকে দেওয়া রিপোর্টে পুলিশ জানিয়েছে, এটা কোনও রাজনৈতিক সংঘাত নয়। ব্যক্তিগত বচসা থেকেই এই মর্মান্তিক পরিণতি। এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে। পলাতকদের খোঁজে চলছে তল্লাশি। আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি (সেন্ট্রাল) ধ্রুব দাস জানিয়েছেন, খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

Advertisement