• facebook
  • twitter
Sunday, 26 April, 2026

এবার কোচ নিয়োগের বিজ্ঞপ্তি সিএবি-র

সেমিফাইনালে একটা খারাপ সেশনের জন্য ব্যর্থ হতে হয়েছিল তাদের। সিএবি কর্তাদের অনেকেই কোচ হিসেবে লক্ষ্মীরতনের এই পারফরম্যান্সে বেশ খুশি।

প্রতিনিধিত্বমূলক চিত্র

আসন্ন মরসুমে বাংলা দলের কোচ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। প্রথমবারের জন্য এই পথে হাঁটলো সিএবি। এর আগে বিসিসিআই বা ভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এভাবে কোচ নিয়োগের আবেদন জানানো হয়েছিল। এরফলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি প্রাক্তন কোচ লক্ষ্মীরতন শুক্লার ওপর আস্থা হারাচ্ছে সিএবি।

লক্ষ্মীরতনের কোচিংয়ে বাংলার পারফরম্যান্স খুব একটা খারাপ নয়। রঞ্জিতে ফাইনাল খেলেছে তারা। এমনকি, এবছর গ্রুপ পর্বে সবচেয়ে বেশ পয়েন্ট পেয়েছেন মহম্মদ সামি’রা। তবে, সেমিফাইনালে একটা খারাপ সেশনের জন্য ব্যর্থ হতে হয়েছিল তাদের। সিএবি কর্তাদের অনেকেই কোচ হিসেবে লক্ষ্মীরতনের এই পারফরম্যান্সে বেশ খুশি। তা সত্ত্বেও নতুন মরসুমে লক্ষ্মী থাকবেন কি না, সেটা নিয়ে জল্পনা অব্যাহত।

Advertisement

এরই মাঝে আচমকা সিএবি কোচ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। যদিও এই বিজ্ঞপ্তি শুধুমাত্র সিনিয়র টিমের জন্য নয়। সিএবির পক্ষ থেকে জানানো হয়েছে, সিনিয়র টিমের কোচের জন্য যাঁরা আবেদন করবেন তাঁদের নির্দিষ্ট কয়েকটা শর্ত পূরণ করতে হবে। যারমধ্যে অন্যতম তাঁদের ন্যূনতম তিরিশটা প্রথম শ্রেণির ম্যাচ কিংবা একটা টেস্টে অথবা তিরিশ একদিনের ম্যাচ বা পয়ঁতাল্লিশটা টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা থাকতে হবে। এর বাইরেও কোচের জন্য আবেদন করা যেতে পারে। তবে তাঁর জন্য অন্তত তিন থেকে পাঁচ বছর কোনও সিনিয়র কিংবা বয়সভিত্তিক টিমের কোচের অভিজ্ঞতা থাকতে হবে।

Advertisement

এক্ষেত্রে ষাটোর্ধ্ব কেউ আবেদন করতে পারবেন না। আবেদন জানাতে হবে আগামী ১ মে বিকেল পাঁচটার মধ্যে। বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকেই শুরু হয়েছে জল্পনা। বাংলার নতুন কোচ হিসেবে ঋদ্ধিমান সাহা আর মনোজ তিওয়ারির নাম শোনা যাচ্ছে। তাঁদেরকেও আবেদন করতে হবে নির্দিষ্ট দিনের মধ্যে বাংলা দলের নতুন কোচ কে হবে বা আদৌ হবেন কি না, তা জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

Advertisement