ভোটের দিন পরিদর্শনে বেরিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়লেন হুমায়ুন কবীর। মুর্শিদাবাদের নওদা থানা এলাকার শিবনগর গ্রামের ১৭৩ নম্বর বুথে গেলে তাঁকে ঘিরে স্থানীয়দের একাংশ ‘গো ব্যাক’ ও ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। পাশাপাশি ‘বিজেপির দালাল’ বলেও কটূক্তি শোনা যায়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
এই অবস্থায় মেজাজ হারিয়ে বিক্ষোভকারীদের দিকে তেড়ে যান আমজনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো তথা প্রার্থী হুমায়ুন। এরপরই শুরু হয় ধস্তাধস্তি, যা মুহূর্তের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তোলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাঁদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনার পর রাস্তার উপরেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন হুমায়ুন। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে অশান্তি তৈরির জন্য তৃণমূল কংগ্রেস এই ঘটনার পিছনে রয়েছে এবং তিনি এর শেষ দেখে ছাড়বেন।
Advertisement
এদিকে, একই দিনে মুর্শিদাবাদের ডোমকল এলাকাতেও উত্তেজনার খবর সামনে আসে। সেখানে বাম সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে, যার আঙুল তোলা হয়েছে তৃণমূলের দিকেই। এই ঘটনায় ইতিমধ্যে নির্বাচন কমিশন বিস্তারিত রিপোর্ট তলব করেছে।
Advertisement
উল্লেখ্য, ভোটের আগের রাত থেকেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়ায়। কোথাও তৃণমূল ও বাম সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে, আবার কোথাও তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে। বিরোধীদের দাবি, এইসব ঘটনায় পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা নিয়েছে। যদিও জেলা পুলিশ প্রশাসন সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
Advertisement



