• facebook
  • twitter
Monday, 20 April, 2026

বৈশাখের শুরুতেই দহন, বাংলা-সহ ১০ রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও আপাতত শুকনো আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

বৈশাখের শুরুতেই গোটা দেশে তাপমাত্রা বেড়ে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রবল গরমে বহু মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। একাধিক রাজ্যে ইতিমধ্যেই পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে মহারাষ্ট্র, ছত্তিশগড়-সহ দেশের ১০টি রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চল ও ছত্তিশগড়ের বিভিন্ন এলাকায় তাপমাত্রা কোথাও কোথাও ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। মধ্যপ্রদেশের পশ্চিম অঞ্চল, বিদর্ভ এবং ছত্তিশগড়ের কিছু অংশে ২৩ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে। একইসঙ্গে পূর্ব উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান এবং পূর্ব মধ্যপ্রদেশেও একই সময় পর্যন্ত তাপপ্রবাহ চলবে বলে জানা গিয়েছে।

Advertisement

এছাড়া ঝাড়খণ্ডে ২২ এপ্রিল এবং উত্তরপ্রদেশের পশ্চিম অঞ্চলে ২৩ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই সমস্ত রাজ্যে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও ওড়িশাতেও আগামী দিনে তাপমাত্রা আরও বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

Advertisement

এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান— এই পাঁচ জেলায় তাপমাত্রা ও আর্দ্রতা অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও আপাতত শুকনো আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতাতেও একই ধরনের আবহাওয়া বজায় থাকবে। তবে উত্তরবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহবিদদের মতে, এপ্রিল ও মে মাস জুড়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর-পূর্ব ভারত এবং পশ্চিম ভারতের পাহাড়ি অঞ্চলে এই তাপমাত্রা বৃদ্ধির ফলে বেশি প্রভাব পড়তে পারে।

Advertisement