• facebook
  • twitter
Monday, 20 April, 2026

রাজ্যজুড়ে অভিযান, ভোটের আগে এক রাতেই ১৩৫ দাগি অপরাধী গ্রেপ্তার

কোনওরকম ঝুঁকি না নিয়ে আগাম কড়া পদক্ষেপের পথেই হাঁটছে কমিশন

প্রথম দফার বিধানসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে কড়া অভিযান চালিয়ে এক রাতেই ১৩৫ জন দাগি আসামিকে গ্রেপ্তার করল পুলিশ। নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই এই ব্যাপক ধরপাকড় চালানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। ভোটের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আঁটসাঁট করতে এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশিষ্ট মহল।
পুলিশ সূত্রে খবর, কোচবিহার, দক্ষিণ ২৪ পরগণা, মালদা, মুর্শিদাবাদ-সহ প্রথম দফায় ভোট হতে চলা সমস্ত জেলাতেই এই অভিযান চালানো হয়। প্রতিটি থানাকে আগেভাগেই দাগি আসামিদের তালিকা দিয়ে সতর্ক করা হয়েছিল। সেই নির্দেশ মেনেই রাতভর তল্লাশি চালিয়ে একাধিক জায়গা থেকে সেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। কোথাও বাড়ি থেকে, কোথাও বা গা ঢাকা দিয়ে থাকা অবস্থায় ধরা পড়ে তারা।
প্রশাসনের একাংশের মতে, এবারের নির্বাচনে প্রায় সব বুথকেই স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে কোনওরকম ঝুঁকি না নিয়ে আগাম কড়া পদক্ষেপের পথেই হাঁটছে কমিশন। এক আধিকারিকের কথায়, ‘ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। তাই দাগিদের বিরুদ্ধে আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
ওয়াকিবহাল মহলের মতে, এক রাতে এত সংখ্যক দাগি আসামি গ্রেপ্তারের ঘটনা সাম্প্রতিক কালে বিরল।
রাজনৈতিক মহলেও এই ঘটনাকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। যদিও প্রশাসনের দাবি, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই এই অভিযান, এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য নেই।

Advertisement

Advertisement