• facebook
  • twitter
Wednesday, 22 April, 2026

ট্রাইব্যুনালে কাজ শুরু হয়নি এবং কী হচ্ছে জানতে সুপ্রিম কোর্টে নতুন মামলা

অভিযোগ, ট্রাইব্যুনালের আইনজীবী বা আবেদনকারীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না

প্রতিনিধিত্বমূলক চিত্র

পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত ট্রাইব্যুনালের কাজকর্ম নিয়ে ফের প্রশ্ন উঠল। সুপ্রিম কোর্টের নির্দেশ যথাযথভাবে মানা হচ্ছে না—এই অভিযোগ তুলে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। অভিযোগ, ট্রাইব্যুনালের আইনজীবী বা আবেদনকারীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, বরং আবেদনগুলি সরাসরি কম্পিউটারের মাধ্যমে বিবেচনা করা হচ্ছে।

সোমবার এই বিষয়টি আদালতের সামনে তোলেন আইনজীবী দেবদত্তা কামাত। তিনি জানান, সুপ্রিম কোর্ট যে প্রক্রিয়া নির্ধারণ করেছিল, ট্রাইব্যুনাল তা অনুসরণ করছে না। বিষয়টি শুনে অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী। প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, নির্দেশ জারি হওয়ার পরও কেন বারবার একই অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে।

Advertisement

এর জবাবে আবেদনকারীর পক্ষ থেকে জানানো হয়, আদালতের নির্দেশ কার্যকর না হওয়াতেই বারবার দৃষ্টি আকর্ষণ করতে হচ্ছে। এরপরই প্রধান বিচারপতি জানান, বিষয়টি নিয়ে তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুয়জ পালের কাছে ব্যাখ্যা চাইবেন।

Advertisement

উল্লেখ্য, এসআইআর সংক্রান্ত তথ্যগত অসঙ্গতি যাচাই ও নিষ্পত্তির দায়িত্ব কলকাতা হাইকোর্টকে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই অনুযায়ী বিচারবিভাগীয় আধিকারিকদের নিয়োগ করে লক্ষাধিক নাম যাচাইয়ের কাজও অনেকটাই সম্পন্ন হয়েছে। তবে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করেছেন।

শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, ভোটের দু’দিন আগে পর্যন্ত ট্রাইব্যুনাল যাঁদের অনুমোদন দেবে, তাঁরাও ভোট দিতে পারবেন। কিন্তু অভিযোগ, সেই ট্রাইব্যুনালের কাজ এখনও সঠিকভাবে শুরুই হয়নি। ফলে বিষয়টি নিয়ে নতুন করে আইনি জট তৈরি হয়েছে।

 

 

Advertisement