• facebook
  • twitter
Monday, 20 April, 2026

সমাজসেবার স্বীকৃতি, বঙ্গ শিরোমনি সম্মানে ভূষিত অনুপম মজুমদার

সমাজসেবায় অসামান্য অবদানের জন্য বঙ্গ শিরোমনি সম্মান পেলেন আয়কর দপ্তরের আধিকারিক অনুপম মজুমদার, কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল সম্মান প্রদান অনুষ্ঠান।

সংগৃহীত চিত্র

সমাজের উন্নয়ন ও মানবকল্যাণে দীর্ঘদিনের নিরলস কাজের স্বীকৃতি হিসেবে ‘বঙ্গ শিরোমনি’ সম্মানে ভূষিত হলেন আয়কর দপ্তরের ডেপুটি কমিশনার অনুপম মজুমদার। কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মান তুলে দেয় রিপোর্টার্স এন্ড ফটোগ্রাফার এসোসিয়েশন।

সরকারি দায়িত্ব সামলানোর পাশাপাশি সমাজসেবামূলক কাজেও সমান নিষ্ঠায় নিজেকে যুক্ত রেখেছেন অনুপম মজুমদার। ছোটবেলা থেকেই সামাজিক দায়িত্ববোধে বিশ্বাসী এই আধিকারিক বহু বছর ধরে অনগ্রসর ও পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।

Advertisement

শুধু আর্থিক সহায়তা নয়, বিভিন্ন বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নেও তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে তিনি নিয়মিতভাবে নানা উদ্যোগ নিয়েছেন, যার সুফল পেয়েছে বহু ছাত্রছাত্রী।

Advertisement

এছাড়াও ‘উৎকর্ষে আরোহন’ নামে একটি জনকল্যাণমূলক উদ্যোগ গড়ে তুলে প্রতি বছর সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে সম্মান প্রদান করা হয়। এর পাশাপাশি আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করে তুলতে সৌরচালিত আলো ও শুকানোর যন্ত্রের ব্যবস্থা করেছেন তিনি। এর ফলে বহু পরিবারের ঘরে আলো পৌঁছেছে এবং নতুন জীবিকার পথ খুলে গিয়েছে।

অনুপম মজুমদার বলেন, ‘এই সম্মান আমার কাছে শুধু স্বীকৃতি নয়, দায়িত্বও বটে। আগামী দিনে আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে এবং সমাজের জন্য কাজ করতে এই সম্মান আমাকে অনুপ্রাণিত করবে।’

এই সম্মান প্রাপ্তির মধ্য দিয়ে সমাজসেবায় তাঁর অবদান আরও একবার সামনে এল বলে মনে করছেন উপস্থিত বিশিষ্টজনেরা।

Advertisement