• facebook
  • twitter
Monday, 13 April, 2026

রাজ্য সফরে নির্বাচন কমিশনের দু’টি দল, দক্ষিণবঙ্গে জ্ঞানেশ ভারতী, উত্তরে অপূর্ব সিংহ

সোমবার দুপুরে পশ্চিম বর্ধমানের অন্ডাল বিমানবন্দরে নামেন জ্ঞানেশ ভারতী

নির্বাচনকে সামনে রেখে রাজ্যে শুরু হয়েছে নির্বাচন কমিশনের তৎপরতা। সোমবার তিন দিনের সফরে রাজ্যে এলেন ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী। তাঁর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখবে। অন্যদিকে, কমিশনের আরেকটি দল উত্তরবঙ্গের পাঁচটি জেলায় সফর করছে, যার নেতৃত্বে রয়েছেন ডেপুটি ডিরেক্টর অপূর্বকুমার সিংহ।

সোমবার দুপুরে পশ্চিম বর্ধমানের অন্ডাল বিমানবন্দরে নামেন জ্ঞানেশ ভারতী। সেখান থেকে তিনি সড়কপথে বীরভূমের উদ্দেশে রওনা দেন। জেলাশাসক দপ্তরে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। তাঁর সঙ্গে রয়েছেন দু’জন কমিশন আধিকারিক। সফরসূচি অনুযায়ী পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং কলকাতার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন তিনি।

Advertisement

একই দিনে সন্ধ্যায় তাঁর দল মুর্শিদাবাদে পৌঁছে জেলাশাসক দপ্তের বৈঠক করবে এবং সেখানেই রাত কাটাবে।অন্যদিকে, অপূর্বকুমার সিংহের নেতৃত্বাধীন দল ইতিমধ্যেই উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছে। তাদের সফর শুরু হয়েছে আলিপুরদুয়ার থেকে। এরপর তারা রাজাভাতখাওয়া এলাকায় বুথ পরিদর্শন ও স্থানীয় মানুষের সঙ্গে কথা বলবেন। পরবর্তী পর্যায়ে জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পং জেলাও পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। সূত্রের খবর, এই দলটি প্রায় পাঁচ দিন ধরে রাজ্যে অবস্থান করবে। মূল লক্ষ্য হল ভোট প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক সমন্বয় পর্যালোচনা করা।

Advertisement

Advertisement