রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ১৪ দিন পার। এখনও ধোঁয়াশা কাটেনি তাঁর মৃত্যূর। টলিউড ইন্ডাস্ট্রিতে নিরাপত্তা ও কাজের পরিবেশ নিয়ে ৭ এপ্রিল বৈঠক হয়। তার পর রবিবার আবার টেকনিশিয়ান স্টুডিয়োয় বসে আর্টিস্ট ফোরামের বৈঠক।
এই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, ভরত কল, দেবদূত ঘোষ, দিগন্ত বাগচী, বিদীপ্তা চক্রবর্তী, বাসবদত্তা চট্টোপাধ্যায় ও পায়েল দে-সহ একাধিক শিল্পী। প্রসেনজিৎ জানান, এ দিনের বৈঠকে শিল্পীরা ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত হয়—কে ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার কর্ণধারদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক, আর কে নন।
Advertisement
তাঁর কথায়, অধিকাংশ শিল্পী এখনও ওই প্রযোজকদের সঙ্গে কাজ করতে ভয় পাচ্ছেন। রাহুলের মৃত্যু তাঁদের মনে গভীর প্রভাব ফেলেছে এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ স্পষ্ট। তবে একই সঙ্গে তিনি জানান, কেউ যদি ব্যক্তিগতভাবে তাঁদের সঙ্গে কাজ করতে চান, তাতে আর্টিস্ট ফোরামের কোনও আপত্তি নেই। কারণ, টলিউডে কোনও দিন কাউকে আনুষ্ঠানিকভাবে ‘ব্যান’ বা ‘বয়কট’ করার সংস্কৃতি নেই।
Advertisement
তবে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে—যতদিন না অভিযুক্ত প্রযোজকরা নির্দোষ প্রমাণিত হচ্ছেন, ততদিন তাঁদের সঙ্গে নতুন করে কোনও কাজ শুরু করা হবে না। এমনকি তাঁদের সঙ্গে যুক্ত কোনও প্রজেক্টেও নতুনভাবে অংশগ্রহণ করা হবে না, যদি না প্রযোজনার দায়িত্ব অন্য কারও হাতে যায়। প্রসেনজিৎ জানান, অতীতেও প্রযোজনা বদলের নজির রয়েছে এবং চ্যানেল কর্তৃপক্ষ সম্মত হলে চলতি ধারাবাহিকগুলির সম্প্রচার বন্ধ নাও হতে পারে।
বর্তমানে ‘চিরসখা’ ও ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের ভবিষ্যৎ অনিশ্চিত। কারণ, এই দুই প্রজেক্টই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ‘ম্যাজিক মোমেন্টস’-এর সঙ্গে যুক্ত। ইতিমধ্যেই এই ধারাবাহিকগুলির শিল্পীরা কাজ হারানোর আশঙ্কায় আর্টিস্ট ফোরামের সঙ্গে যোগাযোগ করেছেন। সংগঠন জানিয়েছে, তারা সরাসরি কাজের ব্যবস্থা করতে না পারলেও সমস্যার সমাধানের পথ খুঁজতে উদ্যোগী।
অন্যদিকে, ইন্ডাস্ট্রিতে নিরাপত্তা জোরদার করতে নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) তৈরির কাজও চলছে বলে আশ্বাস দিয়েছেন প্রসেনজিৎ।
উল্লেখ্য, ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন তালসারির সমুদ্রে ডুবে যান রাহুল। তাঁর মৃত্যু ঘিরে ইতিমধ্যেই প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়-সহ মোট পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। এই ঘটনায় শোকস্তব্ধ টলিউড। একদিকে যেমন ন্যায়বিচারের অপেক্ষায়, তেমনই ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে আরও সুরক্ষিত কর্মপরিবেশ গড়ে তোলার দাবিতেও সরব।
Advertisement



