• facebook
  • twitter
Tuesday, 7 April, 2026

বুধবার থেকেই টালিগঞ্জে শুরু শুটিং, ম্যাজিক মোমেন্টস সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত আর্টিস্ট ফোরামের

দফায় দফায় আলোচনার পর কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেন ফোরামের সভাপতি রঞ্জিত মল্লিক এবং কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

মঙ্গলবার থেকে অনির্দিষ্ট কালের জন্য শুটিং বন্ধের ডাক দিয়েছিল আর্টিস্ট ফোরাম। সেই মতো  মঙ্গলবার সকাল ১০টায় টলিপাড়ার শিল্পীদের টেকনিশিয়ান স্টুডিয়োয় একত্রিত হতে বলা হয়। আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, ইম্পা, টেলিভিশন প্রযোজক এবং বিভিন্ন চ্যানেলের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। দফায় দফায় আলোচনার পর কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেন ফোরামের সভাপতি রঞ্জিত মল্লিক এবং কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপাতত ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার সঙ্গে কোনও কাজ করবেন না শিল্পী বা টেকনিশিয়ানরা।

এই বৈঠকে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, হরনাথ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দেব-সহ একাধিক বিশিষ্ট শিল্পী। পাশাপাশি ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত এবং ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসও আলোচনায় অংশ নেন। বৈঠকের অন্যতম মূল বিষয় ছিল শুটিং চলাকালীন শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করা। সেখানে উপস্থিত ছিলেন প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও।

Advertisement

উল্লেখ্য, গত ২৯ মার্চ তালসারিতে শুটিং করতে গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু হয়  অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ময়নাতদন্তে জানা যায়, জলে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। ওড়িশা পুলিশের দাবি, সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা শুটিংয়ের জন্য প্রয়োজনীয় অনুমতি নেয়নি। এরপর থেকেই প্রযোজনা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

Advertisement

রাহুলের মৃত্যুর কারণ জানতে চেয়ে আর্টিস্ট ফোরামের তরফে আইনি পরামর্শ মেনে ‘ম্যাজিক মোমেন্টস’ সংস্থাকে চিঠি পাঠানো হয়। কিন্তু সন্তোষজনক উত্তর না মেলায় কলকাতার রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেন ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়-সহ শিল্পীরা।। সেই রাতেই তালসারি থানায় পৃথক অভিযোগ দায়ের করেন অভিনেতা রাহুলের স্ত্রী তথা টলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়-সহ পরিচালক শুভাশিস মণ্ডল, ফ্লোর এগ্‌জ়িকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী এবং প্রযোজক সংস্থার ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার রাতেই আর্টিস্ট ফোরাম জরুরি বৈঠক করে তড়িঘড়ি কর্মবিরতির সিদ্ধান্ত নেয়। জানানো হয়েছিল, মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ রাখা হবে। সেই কারণেই সোমবার বাংলা ধারাবাহিকগুলির শুটিং দীর্ঘ সময় ধরে চালানো হয়, যাতে কাজ কিছুটা এগিয়ে রাখা যায়।

মঙ্গলবার সকালে বৈঠকের মাধ্যমে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের কথা ছিল। বিভিন্ন সংগঠন, প্রযোজক এবং শিল্পীদের আলোচনার পর গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক হয়েছে, আগামী ১৫ থেকে ৩০ দিনের মধ্যে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) বা আদর্শ পরিচালনা পদ্ধতি তৈরি করা হবে। এই এসওপি-র মূল লক্ষ্য হবে শুটিং সেটে শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা আরও কঠোর ও সুসংহত করা।

এছাড়াও সিদ্ধান্ত হয়েছে, ইন্ডাস্ট্রির সকল শিল্পী ও কলাকুশলীদের জন্য একটি বীমা ব্যবস্থা চালু করা হবে। শুধু চুক্তিবদ্ধ শিল্পীরাই নন, যাঁরা নিয়মিত চুক্তির আওতায় নেই, সেই ফ্রিল্যান্স কলাকুশলী ও কর্মীদের জন্যও এই সুরক্ষার ব্যবস্থা রাখা হবে। এতে করে শুটিং চলাকালীন কোনও দুর্ঘটনা ঘটলে আর্থিক ও অন্যান্য সহায়তা নিশ্চিত করা যাবে।

তবে এই বীমা ব্যবস্থা পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ বা নিরাপত্তাহীন জায়গায় শুটিং না করার ব্যাপারে জোর দেওয়া হয়েছে। অর্থাৎ, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হলে কোনও ইউনিটকে শুটিংয়ের অনুমতি দেওয়া হবে না।

 

Advertisement