দিল্লি, ১২ এপ্রিল — কর্মীদের শৃঙ্খলা ও প্রশাসনিক কাজের গতি বাড়াতে বড় সিদ্ধান্ত নিল দিল্লি বিশ্ববিদ্যালয়। এবার থেকে সব কর্মীর জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা বাধ্যতামূলক করা হল। পাশাপাশি দেরিতে অফিসে এলে কড়া পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রশাসনের জারি করা নির্দেশ অনুযায়ী, আধারভিত্তিক বায়োমেট্রিক ব্যবস্থার মাধ্যমেই প্রতিদিন হাজিরা নথিভুক্ত করতে হবে। নির্ধারিত কর্মদিবস সকাল ৯টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত, যার মধ্যে আধঘণ্টার মধ্যাহ্নভোজের বিরতিও রয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, কর্মীদের দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে খাবারের বিরতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে বিভিন্ন দপ্তরের কাজ নির্বিঘ্নে চলতে পারে।
Advertisement
যদিও যাতায়াতজনিত সমস্যার কথা মাথায় রেখে কিছুটা ছাড়ও দেওয়া হয়েছে। সকাল ৯টা ১০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত একটি ‘গ্রেস সময়সীমা’ রাখা হয়েছে। তবে এই সময়ের মধ্যে হাজিরা দিলে কর্মীদের ওই দিন অতিরিক্ত সময় কাজ করে নির্ধারিত সময় পূরণ করতে হবে।
কিন্তু সকাল ৯টা ৩০ মিনিটের পর অফিসে পৌঁছালে আর কোনও রেয়াত মিলবে না। সেক্ষেত্রে অর্ধদিবস বা পূর্ণদিবস ছুটি কেটে নেওয়া হতে পারে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Advertisement
এই নির্দেশ কার্যকর করতে ডিন, বিভাগীয় প্রধান, গ্রন্থাগারিক-সহ সংশ্লিষ্ট সকল আধিকারিকদের কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে স্পষ্ট বার্তা, সময়নিষ্ঠা ও কাজের দক্ষতায় কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না।
Advertisement



