• facebook
  • twitter
  • youtube
Thursday, 11 June, 2026

১৮ এপ্রিল থেকে চালু কলকাতা থেকে কুনমিং বিমান পরিষেবা

নতুন এই উড়ান চালু হলে মাত্র ২ ঘণ্টা ৪০ মিনিটে কলকাতা থেকে পৌঁছে যাওয়া যাবে ইউনান প্রদেশের মনোরম শহর কুনমিংয়ে

প্রায় ছয় বছর পর ফের চালু হতে চলেছে কলকাতা থেকে চিনের কুনমিংয়ের সরাসরি বিমান পরিষেবা। ১৮ এপ্রিল, পয়লা বৈশাখের পরদিন থেকেই এই পরিষেবা শুরু করছে ‘চায়না ইস্টার্ন এয়ারলাইন্স’ । নতুন এই উড়ান চালু হলে মাত্র ২ ঘণ্টা ৪০ মিনিটে কলকাতা থেকে পৌঁছে যাওয়া যাবে ইউনান প্রদেশের মনোরম শহর কুনমিংয়ে, যা ‘বসন্তের শহর’ নামেই পরিচিত।

করোনা মহামারির সময় থেকেই বন্ধ ছিল এই বিমান পরিষেবা। দীর্ঘ বিরতির পর পুনরায় চালু হওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ভ্রমণপ্রেমী থেকে ব্যবসায়ী মহল। সপ্তাহে ছয় দিন এই বিমান চলাচল করবে। কলকাতা থেকে রাত ১টা ১০ মিনিটে উড়ান ছাড়বে, আর কুনমিং থেকে রাত ১২টা ১০ মিনিটে রওনা হয়ে পৌঁছবে কলকাতার নেতাজি সুভাস চন্দ্র বোস এয়ারপোর্টে।

কলকাতায় নিযুক্ত চিনা কনসাল জেনারেল শ্যু ওয়েই জানিয়েছেন, এই সরাসরি বিমান পরিষেবা চালু হলে ভারত ও চিনের মধ্যে অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা এবং সাংস্কৃতিক বিনিময় আরও মজবুত হবে। বিশেষ করে পর্যটনের ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলবে বলে মনে করা হচ্ছে। হানিমুন বা অবকাশ যাপনের জন্য কুনমিং এখন সহজেই পৌঁছনোর গন্তব্য হয়ে উঠতে পারে।

এর পাশাপাশি, শহরে ফের আয়োজন করা হচ্ছে চিনা চলচ্চিত্র উৎসব। প্রায় এক দশক পর এই উদ্যোগ নিচ্ছে চিনা দূতাবাস। ১৭ এপ্রিল নন্দনে এই উৎসবের উদ্বোধন হবে এবং চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। মোট সাতটি চিনা ছবি প্রদর্শিত হবে, যেখানে হাও জিয়ানছি, ইন লিচুয়ান, ওয়াং পাওছিয়াংয়ের মতো বিশিষ্ট নির্মাতাদের কাজ দেখা যাবে। দর্শকদের জন্য কোনও টিকিট বা পাস লাগবে না, তবে ভিসা জটিলতার কারণে কোনও শিল্পী উপস্থিত থাকতে পারবেন না।

এছাড়াও ২০ এপ্রিল আন্তর্জাতিক চিনা ভাষা দিবস উপলক্ষে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই উদ্যোগের মাধ্যমে চিনা ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।