সারা ভারত ফুটবল ফেডারেশন আয়োজিত অনুর্ধ্ব ১৬ ফুটবল লিগে ইস্টবেঙ্গল মিনি ডার্বিতে জয় তুলে নিল। মহামেডান মাঠে খেলার শুরু থেকেই লাল-হলুদ ব্রিগেড দাপট দেখাতে থাকে। ইস্টবেঙ্গল ৬-০ গোলে মহামেডান স্পোর্টিংকে হারিয়ে জোনাল গ্রুপে চ্যাম্পিয়ন হল। সেই অর্থে সাদা-কালো শিবিরের ফুটবলাররা কোনও সময়ের জন্যই পাল্টা আক্রমণে উঠে আসতে পারেনি।
ঘরের মাঠে শুক্রবার মহামেডান স্পোর্টিং প্রতিপক্ষ দলের বিরুদ্ধে কোনও সময়ের জন্যই চ্যালেঞ্জ জানাতে পারেনি। অধিকাংশ সময় মহামেডান স্পোর্টিংয়ের অর্ধেই খেলা হয়েছে। ইস্টবেঙ্গলের ফুটবলাররা যদি সুযোগ নষ্ট না করত, তাহলে আরও বেশি গোলের ব্যবধানে ম্যাচটা ছিনিয়ে নিতে পারত। ইস্টবেঙ্গলের হয়ে দু’টি করে গোল করেছে সুরজিৎ মাণ্ডি ও তাইবুর মোল্লা। আর অন্য দু’টি গোল করেছে অর্ণাভ ছেত্রী ও আকাশ মণ্ডল।
Advertisement
এখানে উল্লেখ করা যেতে পারে, গত ৪ এপ্রিল মোহনবাগানকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গলের অনুর্ধ্ব-১৬ দল। মোহনবাগানের পরে মহামেডান স্পোর্টিংকে হারিয়ে জোরা ডার্বিতে জয় পেল ইস্টবেঙ্গল।
Advertisement
Advertisement



