• facebook
  • twitter
Wednesday, 8 April, 2026

আসানসোলের মোদীর জনসভা, গরম ও ঝড়ের আশঙ্কা ঘিরে বিশেষ প্রস্তুতি

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ রাঢ়বঙ্গ অঞ্চলে এই সভার প্রভাব পড়বে বলেই মনে করছে বিজেপি নেতৃত্ব। তাদের আশা, এক লক্ষেরও বেশি মানুষের সমাগম হতে পারে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাজ্যের নির্বাচনী আবহে নতুন করে উত্তাপ ছড়াতে আসানসোলে জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসানসোলের পোলো গ্রাউন্ডে আয়োজিত এই সভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার তাঁর এই জনসভা ঘিরে ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির তৎপরতা তুঙ্গে। জেলা থেকে বুথ স্তর—সব জায়গাতেই চলছে জোর প্রস্তুতি। লক্ষ্য একটাই—বৃহৎ জনসমাগম।

এবারের প্রস্তুতিতে আলাদা গুরুত্ব পাচ্ছে আবহাওয়া। এপ্রিলের তীব্র গরমের পাশাপাশি কালবৈশাখীর সম্ভাবনা মাথায় রেখে সভাস্থলের বিস্তীর্ণ অংশ জুড়ে বিশাল শেড তৈরি করা হচ্ছে। যাতে রোদ বা বৃষ্টির কারণে সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয়, সেই দিকেই নজর দেওয়া হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত পানীয় জল, বসার জায়গা ও বিশ্রামের ব্যবস্থাও রাখা হচ্ছে।

Advertisement

দলীয় নেতৃত্বের দাবি, এই সভা শুধু আসানসোলেই সীমাবদ্ধ থাকবে না। পার্শ্ববর্তী একাধিক বিধানসভা কেন্দ্র থেকেও মানুষের ঢল নামবে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ রাঢ়বঙ্গ অঞ্চলে এই সভার প্রভাব পড়বে বলেই মনে করছে বিজেপি নেতৃত্ব। তাদের আশা, এক লক্ষেরও বেশি মানুষের সমাগম হতে পারে।

Advertisement

সভাস্থল হিসেবে পোলো গ্রাউন্ড বেছে নেওয়ার পিছনেও রয়েছে কৌশলগত কারণ। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় মানুষের যাতায়াত সহজ হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি অতীতে এখানেই প্রধানমন্ত্রীর একাধিক সভা হয়েছে। ফলে এই মাঠকে ঘিরে আলাদা রাজনৈতিক গুরুত্ব রয়েছে।

নিরাপত্তার ক্ষেত্রেও নেওয়া হচ্ছে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই লক্ষ্যে সভাস্থলে বহুস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। মেডিক্যাল টিম, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এবং ১০টি অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখা হবে। জরুরি পরিস্থিতির জন্য নিকটবর্তী হাসপাতালগুলির সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণে প্রতিটি ব্লক থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হচ্ছে। তাঁদের দায়িত্ব থাকবে মানুষকে সঠিকভাবে বসানো, জল পৌঁছে দেওয়া এবং প্রয়োজনে সাহায্য করা।

সব মিলিয়ে, আসানসোলে মোদীর এই জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিজেপি। তবে রাজনৈতিক মহলের মতে, এটি শুধু প্রচারসভা নয়, বরং নির্বাচনের আগে শক্তি প্রদর্শনের একটি বড় মঞ্চ হিসেবেই দেখছে দল।

Advertisement