• facebook
  • twitter
  • youtube
Thursday, 11 June, 2026

মনোনয়ন জমায় রেকর্ড ভিড়, প্রথম দফার ভোটে ১৫২টি আসনে আবেদন ১৫৮৬ জন প্রার্থীর

সবচেয়ে কম প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে বাঁকুড়ার শালতোড়া, চন্দ্রকোনা এবং এগরা কেন্দ্রে। এই তিন আসনে ছ’জন করে প্রার্থী রয়েছেন।

প্রতীকী চিত্র

প্রথম দফার ভোটকে সামনে রেখে রাজ্যে মনোনয়ন জমায় নজিরবিহীন ভিড় লক্ষ্য করা গেল। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১৫২টি আসনে লড়াইয়ের জন্য মোট ১৫৮৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। যদিও মোট জমা পড়া মনোনয়নপত্রের সংখ্যা ২৩০৪টি। কারণ একাধিক প্রার্থী নিয়ম মেনে একের বেশি মনোনয়ন দাখিল করেছেন।

গত বিধানসভা ভোটের তুলনায় এ বার প্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই সময় এই আসনগুলিতে মোট ১০৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এ বার প্রাথমিক হিসাবেই প্রায় দেড় গুণ বেশি প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন, যা নির্বাচনী লড়াইকে আরও বহুমুখী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে।

তবে এই সংখ্যাই চূড়ান্ত নয়। কমিশন মঙ্গলবার জমা পড়া মনোনয়নপত্রগুলির স্ক্রুটিনি করবে। তার পর কোনও প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করতে চাইলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তা করতে পারবেন। ফলে শেষ পর্যন্ত প্রার্থীর সংখ্যা কিছুটা কমতে পারে। সেই সঙ্গে আসনভিত্তিক পরিসংখ্যানেও বেশ কিছু চমক রয়েছে। উত্তর দিনাজপুরের করণদিঘিতে সবচেয়ে বেশি, ২৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। মেখলিগঞ্জে ১৮ জন এবং কোচবিহার দক্ষিণে ১৬ জন প্রার্থী রয়েছেন। পাশাপাশি মাথাভাঙা, ধূপগুড়ি, ময়নাগুড়ি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, ইটাহার, গাজোল, ডোমকল এবং সিউড়িতেও ১৫ জন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

অন্যদিকে, সবচেয়ে কম প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে বাঁকুড়ার শালতোড়া, চন্দ্রকোনা এবং এগরা কেন্দ্রে। এই তিন আসনে ছ’জন করে প্রার্থী রয়েছেন। দাঁতন, নবগ্রাম ও দার্জিলিংয়ে সাত জন করে প্রার্থী লড়াইয়ে নামছেন। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার ভোট হবে ১৫২টি আসনে। দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল এবং গণনা ৪ মে। ফলে মনোনয়ন পর্বেই যে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে উঠেছে, তা স্পষ্ট।