ভোটের আগে ভবানীপুর কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এই আসনে বিজেপির হয়ে শুভেন্দু অধিকারীকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। সেই ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশ করার কর্মসূচিতেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর। সব কিছু ঠিক থাকলে এই বৃহস্পতিবার শুভেন্দুর মনোনয়নের অনুষ্ঠানে থাকবেন তিনি।
বিজেপি সূত্রে খবর, ওইদিন হাজরা মোড়ে একটি জনসভা করার কথা রয়েছে অমিত শাহের। পাশাপাশি রোড শো করারও পরিকল্পনা রয়েছে তাঁর। এরপর নির্দিষ্ট স্থানে পৌঁছে শুভেন্দুর মনোনয়ন প্রক্রিয়ায় যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
Advertisement
এর আগে নন্দীগ্রাম কেন্দ্রে মনোনয়ন জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী, যেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও বিজেপি নেতা দিলীপ ঘোষ। ভবানীপুরে অমিত শাহের উপস্থিত থাকলে তা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
Advertisement
বিশেষজ্ঞদের মতে, এর মাধ্যমে বিজেপি বোঝাতে চাইছে যে ভবানীপুরের লড়াইকে তারা অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে রাজনৈতিক লড়াইয়ের ময়দানে নিজেদের শক্তি প্রদর্শনের কৌশল নিয়েছে দল। যদিও তৃণমূলের তরফে এ বিষয়টিকে তেমনভাবে গুরুত্ব দেওয়া হয়নি।
Advertisement



