• facebook
  • twitter
Monday, 6 April, 2026

ট্রাইব্যুনালে কাটল দ্বিতীয় মনোনয়ন-জট, ফরাক্কার পর নাম উঠল রতুয়ার কংগ্রেস প্রার্থীর নাম

ফলে মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে তাঁর আর কোনও বাধা রইল না

অবশেষে কাটল জট। মনোনয়নপত্র পেশের আগে ভোটার তালিকায় নাম উঠল কংগ্রেস প্রার্থীর। মালদহের রতুয়ার প্রার্থী মহম্মদ মোত্তাকিন আলমের নাম ভোটার তালিকায় তোলার নির্দেশ দিল ট্রাইব্যুনাল। রবিবারই ফরাক্কার কংগ্রেস প্রার্থী মাহাতাব শেখের নাম ট্রাইব্যুনালের নির্দেশে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা হয়। এবার দ্বিতীয় নাম হিসেবে ভোটার তালিকায় নাম উঠল রতুয়ার আরেক কংগ্রেস প্রার্থী  মহম্মদ মোত্তাকিন আলমের। ফলে মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে তাঁর আর কোনও বাধা রইল না।

সোমবার প্রথম দফার নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। এই দিনেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেয় ট্রাইব্যুনাল। এসআইআর প্রক্রিয়ার পর মোত্তাকিনের নাম বিবেচনাধীন তালিকায় থাকলেও পরে তা বাদ পড়ে যায় বলে জানা যায়। অথচ কংগ্রেস তাঁকেই রতুয়া কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করেছিল। ভোটার তালিকায় নাম না থাকায় তাঁর মনোনয়ন জমা দেওয়া নিয়ে জটিলতা তৈরি হয়।

Advertisement

সমস্যার সমাধান চেয়ে দ্রুত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মোত্তাকিন। সোমবার সকালে শুনানিতে আদালত দ্রুত পদক্ষেপ করে ট্রাইব্যুনালকে নির্দেশ দেয়, দুপুর ১২টার মধ্যে মামলার নিষ্পত্তি করতে হবে। এই নির্দেশের পর সল্টলেকে ট্রাইব্যুনালের দপ্তরে তড়িঘড়ি শুনানি শুরু হয়। শেষে ট্রাইব্যুনাল জানায়, অবিলম্বে মোত্তাকিন আলমের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এর ফলে তাঁর মনোনয়ন জমা দেওয়ার পথে আর কোনও বাধা রইল না।

Advertisement

উল্লেখ্য, মোত্তাকিন আলম ২০১৬ সালে মানিকচক কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তবে ২০২১ সালের নির্বাচনে তিনি তৃণমূল প্রার্থী সাবিত্রী মিত্রের কাছে পরাজিত হন। এবারের নির্বাচনে তাঁকে রতুয়া কেন্দ্র থেকে প্রার্থী করেছে কংগ্রেস। এর আগে একই ধরনের সমস্যায় পড়েছিলেন ফরাক্কার প্রার্থী মাহাতাব শেখ। ট্রাইব্যুনাল তাঁর ক্ষেত্রেও হস্তক্ষেপ করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়।

 

 

 

 

 

 

 

Advertisement