• facebook
  • twitter
Sunday, 5 April, 2026

এনটিএ প্রকাশ করল সংশোধিত চূড়ান্ত উত্তরপত্র; ইতিহাস ও বাণিজ্যের প্রশ্ন বাতিল

দিল্লি হাইকোর্টের নির্দেশে ইউজিসি-নেট ২০২৫ পরীক্ষার সংশোধিত উত্তরপত্র প্রকাশ, ইতিহাসে ৪ ও বাণিজ্যে ৩ প্রশ্ন বাদ।

দিল্লি হাই কোর্টের নির্দেশ মেনে অবশেষে সংশোধিত চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যোগ্যতা নির্ধারণ পরীক্ষার ডিসেম্বর ২০২৫ সেশনের পাঁচটি বিষয়ের জন্য এই নতুন উত্তরপত্র প্রকাশিত হয়েছে। এর ফলে বহু পরীক্ষার্থীর দীর্ঘদিনের সংশয় ও ক্ষোভের অবসান ঘটল।

নতুন করে প্রকাশিত উত্তরপত্রে বড় পরিবর্তন এসেছে। ইতিহাস বিষয়ের চারটি প্রশ্ন এবং বাণিজ্য বিষয়ের তিনটি প্রশ্ন সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে। এর ফলে যাঁরা এই প্রশ্নগুলির জন্য বিভ্রান্তিতে ছিলেন, তাঁদের নম্বর গণনায় নতুনভাবে সুবিধা মিলবে বলে মনে করা হচ্ছে। গত ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষার পর প্রাথমিক উত্তরপত্র প্রকাশ করা হলে বহু পরীক্ষার্থী তাতে আপত্তি জানান। বিশেষ করে ইতিহাস বিষয়ের প্রশ্ন ও অনুবাদ নিয়ে বড় ধরনের ভুলের অভিযোগ ওঠে।

Advertisement

পরীক্ষার্থীরা জানাচ্ছেন, ‘আমরা একাধিক নির্ভরযোগ্য বইয়ের ভিত্তিতে আপত্তি জানিয়েছিলাম, কিন্তু তার কোনও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।’ এই অভিযোগের জেরেই বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এক পরীক্ষার্থী কার্তিকেয় কাহোল আদালতের দ্বারস্থ হয়ে দাবি করেন, ভুল উত্তরপত্রের কারণে তিনি মাত্র দুই নম্বরের জন্য গবেষণা ফেলোশিপ পাওয়ার সুযোগ হারিয়েছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে আদালত নির্দেশ দেয়, তাঁকে অতিরিক্ত দুই নম্বর দিতে হবে, যাতে তিনি গবেষণা ফেলোশিপের যোগ্য হন।

Advertisement

শুধু একজন নয়, এই সমস্যার প্রভাব পড়তে পারে হাজার হাজার পরীক্ষার্থীর ওপর— এমনটাই পর্যবেক্ষণ আদালতের। ইতিহাস বিষয়ের পরীক্ষায় প্রায় ৬০ হাজারেরও বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন, ফলে ভুল থাকলে তার প্রভাব ব্যাপক হতে পারত। আদালত আরও নির্দেশ দেয়, চার সপ্তাহের মধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে হবে। সেই নির্দেশ মেনেই নতুন করে উত্তরপত্র প্রকাশ করা হয়েছে।

এখন পরীক্ষার্থীরা সংশোধিত উত্তরপত্র সরকারি ওয়েবসাইট থেকে সহজেই ডাউনলোড করতে পারবেন। এই পদক্ষেপে পরীক্ষার্থীদের মধ্যে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে।

Advertisement