• facebook
  • twitter
Sunday, 5 April, 2026

ট্রাইব্যুনালে প্রথম রায়, নাম উঠল কংগ্রেস প্রার্থী মহতাব শেখের

ট্রাইব্যুনালে কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ নাম তোলার নির্দেশ দেয়

প্রতিনিধিত্বমূলক চিত্র

মুর্শিদাবাদের ফরাক্কা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মহতাব শেখের নাম  ভোটার তালিকায় ফেরানোর নির্দেশ দিল এসআইআর ট্রাইব্যুনাল। এসআইআর ট্রাইবুনালের এটাই প্রথম রায়।  এসআইআর প্রক্রিয়ার ফলে তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ায় তিনি প্রার্থী হওয়া সত্ত্বেও মনোনয়ন জমা দিতে পারছিলেন না।

অবশেষে  ট্রাইব্যুনালে কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ জানায়, কংগ্রেস প্রার্থীর নাম ভোটার তালিকায় ফেরাতে হবে। ট্রাইব্যুনাল স্পষ্ট জানায়, তাঁর ও তাঁর বাবার নামে কিছু তথ্যে অসঙ্গতি থাকলেও তা তাঁর নিজের নাম বাদ দেওয়ার যথেষ্ট কারণ নয়।

Advertisement

এর আগে ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ৬০ লক্ষাধিক বিবেচনাধীন ভোটারের তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়। আদালত জানায়, তালিকা থেকে নাম বাদ পড়লে সংশ্লিষ্ট ব্যক্তি ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। কিন্তু ট্রাইব্যুনালের কাজ শুরু না হওয়ায় মহতাব প্রথমে আবেদন করতে পারেননি।

Advertisement

উল্লেখ্য, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় প্রথমে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহতাব। তবে হাইকোর্ট তাদের পর্যবেক্ষণে জানায়, এসআইআর সংক্রান্ত যাবতীয় মামলার শুনানি বর্তমানে সুপ্রিম কোর্টের অধীনস্থ। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, হাইকোর্ট এ নিয়ে শুনানি করতে পারে না। তার পরেই সুপ্রিম কোর্টে আবেদন করেন তিনি। শুনানিতে তিনি আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং সন্তানের জন্ম শংসাপত্রসহ একাধিক নথি পেশ করেন, যেখানে তাঁর নাম সঠিকভাবে উল্লেখ ছিল।

ট্রাইব্যুনাল শেষপর্যন্ত নির্দেশ দেয়, রবিবার রাত ৮টার মধ্যে অতিরিক্ত তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করতে হবে। এর ফলে তিনি মনোনয়ন জমা দেওয়ার সুযোগ পাবেন। উল্লেখ্য, ফরাক্কায় প্রথম দফার ভোট এবং মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৬ এপ্রিল। শেষে ট্রাইবুনালের নির্দেশে তাঁর নাম ভোটার তালিকায় ফিরতে চলেছে।

 

 

 

Advertisement