• facebook
  • twitter
Saturday, 4 April, 2026

ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে জেলায় জেলায় সফর সিইও মনোজ আগরওয়ালের

শনিবার থেকেই তাঁর জেলা পরিদর্শন শুরু হচ্ছে

চলতি মাসের শেষের দিকেই রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আবহাওয়ার তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে রাজনৈতিক উত্তাপও ক্রমশ বাড়ছে বাংলাজুড়ে। এই পরিস্থিতিতে নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যজুড়ে সফরে বেরোচ্ছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। শনিবার থেকেই তাঁর জেলা পরিদর্শন শুরু হচ্ছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথম দিনেই তিনি পূর্ব মেদিনীপুর জেলা দিয়ে সফর শুরু করবেন। সেখানে ভোটের প্রস্তুতি কতটা এগিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা কমিশনের নির্দেশিকা অনুযায়ী হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। একইভাবে পর্যায়ক্রমে রাজ্যের প্রতিটি জেলায় গিয়ে প্রশাসনিক ব্যবস্থার ওপর নজরদারি চালাবেন তিনি এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন।

Advertisement

আগামী ২৩ এবং ২৯ এপ্রিল রাজ্যের ২৯৪টি আসনে ভোটগ্রহণ হবে। ইতিমধ্যেই রাজ্যে আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে। প্রার্থীরা জোরকদমে প্রচারে নেমেছেন এবং বিভিন্ন কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। নির্বাচন ঘোষণার সময়ই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার শান্তিপূর্ণ ভোট পরিচালনার ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিলেন।

Advertisement

ভোটকে কেন্দ্র করে কোনও রকম ত্রুটি এড়াতে কমিশন ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে আধিকারিকদের বদলি করা হয়েছে এবং আগের তুলনায় প্রায় দ্বিগুণ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। পয়লা মার্চ থেকেই কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন রয়েছে। প্রতিটি বুথে ওয়েবকাস্টিং এবং সিসিটিভি নজরদারির ব্যবস্থাও রাখা হয়েছে।

সম্প্রতি মালদহের মোথাবাড়ি ঘটনায় বিতর্ক তৈরি হওয়ায় কমিশন আরও সতর্ক হয়েছে। ওই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রশাসনিক স্তরে বৈঠকও করা হয়েছে। এই প্রেক্ষাপটে মনোজকুমার আগরওয়ালের জেলা সফরকে নির্বাচন প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ বলেই মনে করা হচ্ছে।

 

Advertisement