• facebook
  • twitter
Monday, 20 April, 2026

মালদহে কড়া বার্তা সিইওর, বুথের ১০০ মিটারে শুধুই কেন্দ্রীয় বাহিনী

'ভোটার নন, কিংবা যাঁদের কাছে রিটার্নিং অফিসারের অনুমোদন নেই, তাঁদের বুথে ঢুকতে দেওয়া হবে না'

মোথাবাড়ির সাম্প্রতিক অশান্তির আবহে ভোটের আগে মালদহে কড়া বার্তা দিলেন সিইও মনোজ কুমার আগরওয়াল। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার জেলায় পৌঁছে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল। জেলা প্রশাসনিক ভবনে হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পুলিশ পর্যবেক্ষক হিমাংশু কুমার লাল, জেলাশাসক ও পুলিশ সুপারও।
মোথাবাড়ির ঘটনার প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা নিয়ে বাড়তি সতর্কতা নেওয়ার ইঙ্গিত দিয়ে সিইও স্পষ্ট করে দেন, পোলিং বুথের ১০০ মিটারের মধ্যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। ‘ভোটার নন, কিংবা যাঁদের কাছে রিটার্নিং অফিসারের অনুমোদন নেই, তাঁদের বুথে ঢুকতে দেওয়া হবে না,’ বলেন তিনি। জেলাজুড়ে সিএপিএফ মোতায়েন থাকবে, আর কোথাও গণ্ডগোলের খবর পেলেই ম্যাজিস্ট্রেট-সহ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছবে। রাজ্য পুলিশের দায়িত্ব থাকবে সামগ্রিক আইন-শৃঙ্খলা রক্ষা করা।
বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতৃত্বের সঙ্গেও কথা বলেন আগরওয়াল। ভোট প্রক্রিয়ায় কার কী দায়িত্ব, কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে—তা স্পষ্ট করে জানানো হয়েছে বলেও দাবি তাঁর। অভিযোগ পেলে প্রয়োজনে  রিপোলের কথাও তুলে ধরেন তিনি। ওসিদের ভূমিকা নিয়ে ওঠা প্রশ্ন প্রসঙ্গে জানান, ইতিমধ্যেই কয়েক জনকে সাসপেন্ড করা হয়েছে, বাকি অভিযোগও খতিয়ে দেখা হবে।
‘আইনের ঊর্ধ্বে কেউ নয়,’ মন্তব্য সিইওর।এ দিন কন্ট্রোল রুম পরিদর্শন করে নজরদারির খুঁটিনাটি খতিয়ে দেখেন আগরওয়াল। জানান, প্রতিটি জেলায় কন্ট্রোল রুম তৈরি হচ্ছে, পাশাপাশি আরও, ডিইও, সিইও দপ্তরে থাকবে সিসিটিভি নজরদারি। প্রতিটি বিধানসভায় তিনটি করে নজরদারি দল থাকবে, যারা নির্দিষ্ট সময় অন্তর রিপোর্ট দেবে। বুথের ভিতরে থাকা কেন্দ্রীয় বাহিনীও সার্বক্ষণিক নজর রাখবে।
পরিযায়ী শ্রমিকদের ভোটাধিকার নিয়েও স্পষ্ট বার্তা দেন তিনি—যাঁরা ফিরবেন, তাঁরা নিজেরাই ভোট দেবেন, অন্য কেউ তাঁদের হয়ে ভোট দিতে পারবেন না। ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী ভোটার তালিকায় নাম তোলা বা বাদ দেওয়ার কাজ হবে বলেও জানান। ইতিমধ্যেই পোস্টাল ব্যালট প্রক্রিয়া শুরু হয়েছে এবং সরকারি কর্মীদের ভোটদান নিশ্চিত করার দিকেও জোর দিচ্ছে কমিশন।
এ দিকে, বৈঠকের পর রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তরজা। বিজেপির রাজ্য সম্পাদক অম্লান ভাদুরী দাবি করেন, ‘মোথাবাড়ির মতো ঘটনা আর যেন না ঘটে, তার জন্য কমিশনকে আরও কঠোর হতে হবে।’ অন্যদিকে তৃণমূল নেতা আব্দুর রহমানের বক্তব্য, ‘কমিশন নিরপেক্ষ থাকলে মালদহে শান্তিপূর্ণ ভোট হবেই।’
সব মিলিয়ে মোথাবাড়ির ঘটনার রেশ কাটিয়ে মালদহে ‘কড়া ও শক্ত’ ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন—এ দিনের বার্তায় স্পষ্ট সেই ইঙ্গিতই।

Advertisement

Advertisement