• facebook
  • twitter
  • youtube
Wednesday, 29 July, 2026

রবিবার থেকেই বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় কালবৈশাখীর সতর্কতা

বিশেষ করে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার প্রভাব থাকবে বিস্তীর্ণ অঞ্চলে

রবিবার থেকেই বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় কালবৈশাখীর সতর্কতা

File Photo

দক্ষিণবঙ্গে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, যা শুরু হতে পারে রবিবার থেকেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ একাধিক জেলায় দুর্যোগপূর্ণ পরিস্থিতি দেখা দিতে পারে। বিশেষ করে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার প্রভাব থাকবে বিস্তীর্ণ অঞ্চলে। কিছু কিছু জেলায় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এর ফলে তাপমাত্রা কিছুটা কমে গিয়ে গরমের অস্বস্তি হ্রাস পেতে পারে।

শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। ইতিমধ্যেই কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গেছে, ফলে ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। কিন্তু রবিবার থেকে পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করবে।

প্রথম দফায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় সতর্কতা জারি করা হয়েছে। সোমবার থেকে এই সতর্কতা কলকাতা-সহ অন্যান্য জেলাতেও কার্যকর হবে। বুধবার পর্যন্ত এই দুর্যোগ চলতে পারে বলে জানা গেছে। এছাড়া মঙ্গলবার হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলায় আরও জোরালো ঝড়ের আশঙ্কা রয়েছে, যেখানে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে।