• facebook
  • twitter
Friday, 3 April, 2026

পুরসভায় চাকরি দুর্নীতি মামলায় রাজ্যের দুই মন্ত্রীকে ইডির তলব

ভোটের আগে তুঙ্গে রাজনৈতিক তরজা

প্রতীকী চিত্র

পশ্চিমবঙ্গের বহুচর্চিত পুরসভায় চাকরি দুর্নীতি মামলায় নতুন করে তৎপর হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাজ্যের দুই মন্ত্রীকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। তলব করা হয়েছে দমকলমন্ত্রী সুজিত বসু এবং খাদ্য ও সরবরাহমন্ত্রী রথীন ঘোষকে। দু’জনেই আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়ছেন।

সূত্রের খবর, সুজিত বসুকে আগামী ৬ এপ্রিল সল্টলেকে ইডির দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। অন্যদিকে, রথীন ঘোষকে ৯ এপ্রিল উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ২০২৪ সালের জানুয়ারি মাসে এই একই মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন রথীন ঘোষ। পাশাপাশি, ২০২৫ সালের অক্টোবর মাসে সুজিত বসুকেও দীর্ঘ সময় ধরে জেরা করা হয়েছিল। সেই সময় তাঁর দপ্তর ও বাড়িতে একাধিক তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় সংস্থা। তাঁর ঘনিষ্ঠদের বাড়িতেও তল্লাশি চালানো হয় বলে জানা যায়।

Advertisement

প্রসঙ্গত, পুরসভার এই চাকরি দুর্নীতির হদিশ প্রথম পায় ইডি, যখন অয়ন শীলের বাড়িতে অন্য একটি অর্থ পাচার সংক্রান্ত মামলায় তল্লাশি চালানো হচ্ছিল। পরে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনও কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলায় পৃথক তদন্ত শুরু করে। এরপর তদন্ত প্রক্রিয়া যত এগিয়েছে, ততই একাধিক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের নাম সামনে এসেছে বলে দাবি তদন্তকারীদের। এর মধ্যে রয়েছেন রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে শাসকদলের একাধিক নেতা।

Advertisement

এদিকে, সম্প্রতি একই ধরনের একটি বেআইনি জমি দখল মামলায় তৃণমূলের এক বিধায়ক তথা কলকাতা পুরসভার এক সদস্যকেও জেরা করেছে ইডি। যদিও এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্ব। তাদের অভিযোগ, বিধানসভা ভোটের আগে দলীয় নেতা ও প্রার্থীদের টার্গেট করতেই কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে।

উল্লেখ্য, রাজ্যে আগামী ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল– দুই দফায় ভোটগ্রহণ করা হবে। ফল প্রকাশ হবে ৪ মে। এই পরিস্থিতিতে ইডির এই পদক্ষেপ ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

Advertisement