• facebook
  • twitter
Thursday, 2 April, 2026

পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

মৌসম ভবন জানিয়েছে, ৩ এবং ৪ এপ্রিল থেকে উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের বিভিন্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল

Photo : Gemini AI

পশ্চিমি ঝঞ্ঝা সক্রিয় হওয়ায় উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে আজ থেকে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দিল্লির মৌসম ভবন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ১ এপ্রিল থেকে সক্রিয় হওয়া এই ঝঞ্ঝাটি ৩ এপ্রিলের মধ্যে আরও শক্তিশালী হয়ে উঠবে এবং এর প্রভাবে দেশের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টি শুরু হবে।

মৌসম ভবন জানিয়েছে, ৩ এবং ৪ এপ্রিল থেকে উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের বিভিন্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এই পরিস্থিতি অন্তত ৬ এপ্রিল পর্যন্ত বজায় থাকার পূর্বাভাস রয়েছে। ফলে তাপমাত্রাও কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Advertisement

এদিকে, এই পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব পড়তে পারে দেশের মধ্য ও পূর্বাংশেও । মহারাষ্ট্রের মধ্য ও দক্ষিণ অংশ, ছত্তিসগড়, তেলেঙ্গানা, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।

Advertisement

আবহাওয়া দপ্তর জানিয়েছে, মার্চ মাসে সাধারণভাবে  ৫থেকে ৬টি পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হয়। তবে চলতি বছরে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮-এ। বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার বায়ুমণ্ডলের অস্থিরতা ও জেট স্ট্রিমের পরিবর্তনের কারণে এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

এই জেট স্ট্রিম হলো, পৃথিবীর বায়ুমণ্ডলের ওপরের স্তরে, প্রায় ৯ থেকে ১৫ কিলোমিটার উঁচুতে পশ্চিম থেকে পূর্বে বয়ে যাওয়া অত্যন্ত দ্রুতগতির সংকীর্ণ ও আঁকাবাঁকা বায়ুপ্রবাহ। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০ হাজার ফুটেরও বেশি উঁচুতে এগুলির অবস্থান। এছাড়াও এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত আরও কয়েকটি পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হতে পারে, যা আবহাওয়াকে আরও অস্থির করে তুলতে পারে।

প্রসঙ্গত, এপ্রিলের শুরুতেও দেশের বহু জায়গায় এখনও তাপমাত্রা তেমন বাড়েনি। তার ওপর পশ্চিমি ঝঞ্ঝার কারণে দেশের বেশির ভাগ জায়গায় ঝড়বৃষ্টি চলছে। ফলে সেভাবে তাপমাত্রা বাড়েনি। মার্চের শেষের দিকেও পশ্চিমি ঝঞ্ঝার কারণে দিল্লি এবং এনসিআর-সহ উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টি হয়েছে। তবে পশ্চিমি ঝঞ্ঝাটি দেশের বিশাল অংশ জুড়ে বিস্তৃত হওয়ায়, এখনই ঝড়বৃষ্টি থেকে সহজে রেহাই মিলবে না বলে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।

একটি শক্তিশালী পশ্চিমি ঝঞ্ঝা গুজরাত এবং রাজস্থান সীমায় অবস্থান করছে। সেটি যখন উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করবে তখন দুর্যোগ বাড়বে। এর প্রভাবে জম্মু-কাশ্মীর এবং লাদাখে ভারী বৃষ্টি, তুষারপাত এবং ঝড় হওয়ার সম্ভাবনা। ঝড়বৃষ্টি হবে পাঞ্জাব ও রাজস্থানেও। এ ছাড়াও হরিয়ানা, দিল্লি-এনসিআর, পশ্চিম উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশেও ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।

Advertisement