দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে সাতটি জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘলা। শহরের কিছু অংশে অল্প বৃষ্টিও হয়েছে। আবহাওয়া দপ্তরের মতে, দিনভর মেঘলা আকাশই বজায় থাকবে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আবহাওয়ার উন্নতি হবে বলে জানা গিয়েছে। আকাশ পরিষ্কার হওয়ার পাশাপাশি তাপমাত্রাও ধীরে ধীরে বাড়তে শুরু করবে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরে ৪.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
Advertisement
আবহাওয়া দপ্তর জানিয়েছে, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় মঙ্গলবার ঝড়ো হাওয়ার প্রকোপ বেশি থাকতে পারে। কিছু এলাকায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও হুগলি জেলায়। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দিনভর মেঘলা আকাশ থাকবে এবং বিকেলের দিকে ঝড়বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
Advertisement
যদিও বুধবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে, তবুও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বুধবারেও ঝড়বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গের পরিস্থিতিও খুব একটা স্থিতিশীল নয়। পাঁচটি জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি আগামী ৭ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
Advertisement



