২৯ মার্চ তালসারিতে শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। শুটিং চলাকালীন জলে ডুবে তাঁর মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে। রাহুলের শেষকৃত্যে উপস্থিত থাকতে পারেননি অভিনেতা দেব। রাহুলের প্রথম ছবি ‘চিরদিনই তুমি যে আমার’-এ একটি জনপ্রিয় আইটেম গানে নেচেছিলেন দেব।
‘প্যান্টে তালি’ গানটি সে সময় ব্যাপক জনপ্রিয়তা পায়। সহ-অভিনেতার আকস্মিক প্রয়াণে শোকাহত দেব বর্তমানে কলকাতার বাইরে রয়েছেন। নির্বাচনী প্রচারের কাজে তিনি কোচবিহারে ব্যস্ত। সেখানেই খবরটি পেয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাহুলের মৃত্যু তাঁর কাছে অবিশ্বাস্য লাগছে।
Advertisement
দেব স্মৃতিচারণ করে বলেন, রাহুলের প্রথম ছবির শুটিংয়ের সময় তাঁদের একসঙ্গে কাটানো কিছু মুহূর্ত আজও মনে রয়েছে। দক্ষিণ কলকাতায় শুটিং চলাকালীন তাঁরা একসঙ্গে সাউথ সিটি মল ও নিউ মার্কেটে গিয়েছিলেন। যদিও তাঁদের মধ্যে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল না, তবুও একজন শিল্পী হিসেবে রাহুলকে তিনি গভীর শ্রদ্ধা করতেন।
Advertisement
অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের পডকাস্ট ‘সহজ কথা’-র শেষ অতিথি ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা নাট্যকার ব্রাত্য বসু। রাহুলের আকস্মিক মৃত্যুর খবরে তিনি স্তম্ভিত। ব্রাত্য বলেন, ‘অপ্রত্যাশিত। তিন দিন আগেও ফোনে কথা হয়েছিল।‘ এখনও এই খবর বিশ্বাস করতে পারছেন না।
তিনি বলেন, ‘এতটাই অপ্রত্যাশিত যে কোনও প্রতিক্রিয়া দিতে পারছি না। তিন দিন আগেও আমাদের ফোনে কথা হয়েছিল।‘ রাহুলের পরিকল্পনা ছিল তাঁর ‘অশালীন’ নাটকটি নিয়ে কাজ করা। ব্রাত্য জানালেন, ‘নাটকটি সিনেমা করতে চেয়েছিল। আমি অনুমতি দিয়েছি, বলেছিলাম—হ্যাঁ, করো। কিন্তু তার পরে যে আর কথা হবে না, ভাবতেই পারছি না।‘
লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় অভিনেতার মৃত্যুর খবর পেয়ে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি তো ভাবতেই পারছি না ও নেই। খুব প্রিয় মানুষ ছিল ও, খুব পছন্দ করতাম। যা শুনছি, গভীর সমুদ্রে রাহুল ছিল না। সুমদ্র সৈকতের সামনে তো সাধারণত জল গভীর হয় না। কীভাবে এই অঘটন ঘটল, কিছুই বুঝতে পারছি না।‘
স্মৃতিচারণ করতে গিয়ে লেখক বলেন, ‘আমাকে ও জেঠু বলে ডাকত। আমার লেখা ‘কাগজের বউ’-কে যখন সিনেমায় রূপ দেওয়া হয়েছিল, তাতে রাহুল মুখ্য ভূমিকায় অভিনয় করেছিল। সম্প্রতি ও আমার বাড়িতে এসেছিল পডকাস্টের শুটিংয়ের জন্য। এত প্রাণবন্ত ছেলে। কী থেকে কী হয়ে গেল, সত্যিই খুব দুঃখের।‘ তিনি আরও বলেন, ‘ওঁর ছেলেটি খুব ফুটফুটে, স্ত্রীও মিশুক। তাদের কথাও ভেবে খুব খারাপ লাগছে।‘
অভিনেতা-লেখক রাহুলের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধু চন্দন সেন জানান, ‘বহু দিনের সঙ্গী চলে গেল। আবার থিয়েটার শুরু করেছিল ও। ভালো কাজ করছিল। সৃজনশীল কাজ নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু করেছিল। অনেক পরিকল্পনা ছিল ওর।‘
অভিনেত্রী চৈতি ঘোষাল বলেন, ‘আমাকে যে ওঁর মৃত্যুর খবরে প্রতিক্রিয়া দিতে হচ্ছে, তা অকল্পনীয়। কিছুদিন আগে আমাকে পডকাস্টে ডেকেছিল। ও খুবই পড়াশোনা করা মানুষ ছিল। ওর সঙ্গে দেখা হলে আন্তরিক বাক্যালাপ হত। আমি এখনও বিশ্বাস করতে পারছি না। তাই কাঁদতে চাই না।‘
রাহুলের জনপ্রিয় পডকাস্ট ‘সহজ কথা’-র প্রথম পর্বে অতিথি ছিলেন রূপম ইসলাম। তিনি শোক প্রকাশ করে বলেন, ‘রাহুলকে নায়ক হিসাবে অনেক আগে থেকেই চিনি। কিন্তু ওর মতামত, লেখালিখি, আমাদের আলাপ আলোচনা থেকে ওকে স্বতন্ত্র কণ্ঠ হিসেবে চিনেছি।
ইন্ডাস্ট্রির মধ্যে থেকেও যেন কিছুটা বাইরের লোক, তাই ওর স্বাতন্ত্র্য স্পষ্ট। যখন ‘সহজ কথা’ শুরু করল, প্রথম পর্বে আমাকে রাখতে চেয়েছিল। ওর প্রশ্নগুলো অত্যন্ত ইউনিক ছিল। শেষ দেখা হয়েছিল আমাদের নতুন অ্যালবামের উদ্যাপনের পার্টিতে, যেখানে বলেছিল পডকাস্ট এবং সবকিছুই ভালো চলছে। এই খবর আমাকে স্তব্ধ করে দিয়েছে, কিছু বলতে পারছিলাম না। এখন স্মৃতিচারণের সূত্রে কিছু কথা বললাম।‘
Advertisement



