• facebook
  • twitter
Friday, 27 March, 2026

সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে আচমকা খুলে গেল নকল দাঁত

তবু উপস্থিত বুদ্ধির জোরে হাসিমুখে সামাল থাইল্যান্ডের তরুণীর

সুন্দরী প্রতিযোগিতার মঞ্চ মানেই ঝলমলে আলো, নিখুঁত উপস্থাপনা আর আত্মবিশ্বাসী হাসি। কিন্তু সেই মঞ্চেই আচমকা ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। থাইল্যান্ডের একটি জনপ্রিয় সুন্দরী প্রতিযোগিতার প্রাথমিক পর্বে অংশ নেওয়া এক তরুণীর মুখ থেকে হঠাৎই খুলে পড়ে দাঁতের উপরে লাগানো কৃত্রিম আবরণ। মুহূর্তের মধ্যে পরিস্থিতি সামলে নিয়ে ফের স্বাভাবিকভাবে বক্তব্য রাখা এবং ক্যাটওয়াক চালিয়ে যাওয়ায় প্রশংসা কুড়িয়েছেন তিনি।

ঘটনাটি ঘটেছে ‘মিস গ্র্যান্ড থাইল্যান্ড’ প্রতিযোগিতায়। প্রতিযোগী কামোলওয়ান চানাগো মঞ্চে দাঁড়িয়ে নিজের পরিচয় দিচ্ছিলেন। সামনে উপস্থিত ছিলেন বিচারক এবং বহু দর্শক। সেই সময়ই হঠাৎ দাঁতের উপরের একটি অংশ খুলে পড়তে দেখা যায়। যদিও সেটি আসলে দাঁত নয়, দাঁতের সৌন্দর্য বাড়াতে ব্যবহার করা এক ধরনের আবরণ, যা অনেকেই ব্যবহার করেন।

Advertisement

এই পরিস্থিতিতে এক মুহূর্তও বিচলিত হননি ওই তরুণী। দ্রুত মুখে হাত দিয়ে বিষয়টি সামলে নেন। তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে আবার বক্তব্য চালিয়ে যান। তাঁর এই আত্মবিশ্বাস এবং উপস্থিত বুদ্ধি মুহূর্তের মধ্যে দর্শকদের নজর কাড়ে। সামাজিক মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। তবু অনেকেই তরুণীর প্রশংসা করেছেন। অনেকেই বলছেন, মঞ্চে এমন অস্বস্তিকর পরিস্থিতিতেও যেভাবে নিজেকে সামলে নেওয়া যায়, তা শেখার মতো।

Advertisement

ঘটনার পরেও প্রতিযোগিতার মঞ্চে নিজের উপস্থিতি বজায় রাখেন কামোলওয়ান। হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দেন এবং দর্শকদের অভিবাদন জানান। দর্শকদের করতালিতে ভরে ওঠে মঞ্চ। এই ঘটনা প্রমাণ করে, সৌন্দর্য শুধু বাহ্যিক নয়—আত্মবিশ্বাস এবং মানসিক দৃঢ়তাই একজনকে সত্যিকারের সুন্দর করে তোলে।

Advertisement