• facebook
  • twitter
Wednesday, 25 March, 2026

গ্যাস সিলিন্ডার বুকিংয়ে নিয়ম বদল হয়নি, ডবল সিলিন্ডারেও নয় জানাল কেন্দ্র

শহরাঞ্চলের গ্রাহকদের ক্ষেত্রে একটি সিলিন্ডার বুক করার পর পরবর্তী বুকিংয়ের জন্য ন্যূনতম ২৫ দিনের ব্যবধান রাখতে হবে

রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং সংক্রান্ত নিয়মে কোনও পরিবর্তন করা হয়নি—এমনটাই স্পষ্ট করে জানাল কেন্দ্রীয় সরকার। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে কেন্দ্র জানায়, গ্রাহকের নামে একটি বা দু’টি সিলিন্ডার সংযোগ থাকুক, কিংবা তিনি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত হোন বা না হোন সবার ক্ষেত্রেই বুকিংয়ের মধ্যবর্তী সময়সীমা আগের মতোই বহাল রয়েছে।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, শহরাঞ্চলের গ্রাহকদের ক্ষেত্রে একটি সিলিন্ডার বুক করার পর পরবর্তী বুকিংয়ের জন্য ন্যূনতম ২৫ দিনের ব্যবধান রাখতে হবে। অন্যদিকে, গ্রামাঞ্চলের গ্রাহকদের জন্য এই ব্যবধান ৪৫ দিন। এই নিয়মেই কোনও বদল আনা হয়নি বলে জানানো হয়েছে।

Advertisement

কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সম্প্রতি বিভিন্ন মহলে দাবি উঠেছিল যে গ্যাস সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা পরিবর্তন করা হয়েছে। বিশেষ করে বলা হচ্ছিল, উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য বুকিংয়ের ব্যবধান ৪৫ দিন করা হয়েছে এবং যাঁরা এই যোজনার অন্তর্ভুক্ত নন। তাঁদের ক্ষেত্রে একক সিলিন্ডার ব্যবহার করলে ২৫ দিন ও ডবল সিলিন্ডারের ক্ষেত্রে ৩৫ দিনের ব্যবধান রাখা হয়েছে। তবে এই সমস্ত দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে কেন্দ্র।

Advertisement

এর আগে গ্যাস সরবরাহকারী কিছু সংগঠনের তরফে জানানো হয়েছিল যে বুকিংয়ের নিয়মে পরিবর্তন আনা হয়েছে। তাদের দাবি ছিল, উজ্জ্বলা যোজনার বাইরে থাকা ডবল সিলিন্ডার গ্রাহকদের জন্য সময়সীমা বাড়িয়ে ৩৫ দিন করা হয়েছে। পাশাপাশি, উজ্জ্বলা যোজনার গ্রাহকদের ক্ষেত্রে নতুন সিলিন্ডার বুক করতে হলে অন্তত ৪৫ দিন অপেক্ষা করতে হবে বলেও জানানো হয়। আগে যেখানে এই সময়সীমা ছিল ২৫ দিন, সেখানে এই পরিবর্তনের খবর ছড়িয়ে পড়তেই গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে, গ্যাস বুকিংয়ের নিয়মে কোনও রদবদল হয়নি। ফলে গ্রাহকদের বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

 

Advertisement