• facebook
  • twitter
Tuesday, 24 March, 2026

চুয়াড় বিদ্রোহের নেতার মূর্তি ভাঙা নিয়ে বাঁকুড়ায় শোরগোল

চুয়াড় বিদ্রোহের নেতা রঘুনাথ মাহাতোর মূর্তি ভাঙার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর

বাঁকুড়ার খাতড়া এলাকায় চুয়াড় বিদ্রোহের নেতা রঘুনাথ মাহাতোর মূর্তি ভাঙার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা খাতড়া সংলগ্ন দেদুয়া মোড়ের ওই মূর্তি ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পান। বিশেষ করে মূর্তির হাতে থাকা তির-ধনুক ভেঙে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় ভারী আঘাতের চিহ্ন লক্ষ্য করা গিয়েছে। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় মানুষ এবং ‘শহিদ রঘুনাথ মাহাতো স্মৃতিরক্ষা কমিটি’-র সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি তোলা হয়েছে। উল্লেখ্য, ২০২২ সালে এই কমিটির উদ্যোগেই মূর্তিটি স্থাপন করা হয়েছিল এবং এতদিন কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Advertisement

ভোটের আগে এই ধরনের ঘটনা ঘটায় অনেকেই এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করছেন। স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক বিকাশ মাহাতো জানিয়েছেন, এলাকায় সিসিটিভি ক্যামেরা রয়েছে, তাই ফুটেজ খতিয়ে দেখে অপরাধীদের দ্রুত শনাক্ত করার দাবি জানানো হয়েছে।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের মতে, রঘুনাথ মাহাতো শুধু কুড়মি সমাজের নয়, তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাঁর মূর্তির উপর হামলা মানুষের আবেগে আঘাত হেনেছে। তাই দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জোরদার হয়েছে। এদিকে, বাঁকুড়া জেলা পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার পরই খাতড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

 

 

 

Advertisement