• facebook
  • twitter
Monday, 23 March, 2026

ভোট গণনার আগে বারাসাত সরকারি কলেজে প্রশাসনের মহড়া

নতুন দায়িত্ব নেওয়া জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া এবং জেলা পুলিশ সুপার পুষ্পা কলেজ চত্বরে উপস্থিত হয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং ভোট গণনার প্রস্তুতি খতিয়ে দেখেন

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত গভর্নমেন্ট কলেজ এবার নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হতে চলেছে। আগামী পাঁচ বছরের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের জনপ্রতিনিধি নির্ধারণে এই কলেজেই ভোট গণনা হবে। সেই প্রেক্ষিতে শনিবার জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা সরেজমিনে এসে স্ট্রং রুম পরিদর্শন করেন।
নতুন দায়িত্ব নেওয়া জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া এবং জেলা পুলিশ সুপার পুষ্পা কলেজ চত্বরে উপস্থিত হয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং ভোট গণনার প্রস্তুতি খতিয়ে দেখেন। পরিদর্শনের সময় তারা স্ট্রং রুম, ইভিএম আনা-নেওয়ার পথ, সেগুলি কীভাবে সুরক্ষিত রাখা হবে, এবং নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার সব ধাপ যাচাই করেন।
জানা গেছে, এই কেন্দ্রে বারাসাত, মধ্যমগ্রাম, অশোকনগর, দেগঙ্গা এবং হাবরা সহ একাধিক এলাকার ভোট গণনা হবে। সেইজন্য প্রশাসন ইতিমধ্যেই নির্বাচন প্রক্রিয়া চলাকালীন কোনও অঘটন বা উত্তেজনা এড়াতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে।
প্রসঙ্গত, ভোট ঘোষণার পর সম্প্রতি বারাসাতে প্রশাসনিক রদবদল হয়েছে। নতুন জেলাশাসক ও পুলিশ সুপার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো এই পরিদর্শন তাদের। এদিন পরিদর্শনে জেলার অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাচনের দিন এবং গণনা পর্বে নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতে একাধিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্ট্রং রুমের অবস্থা, নিরাপদ পরিবহন ব্যবস্থা, এবং তদারকির জন্য সব ধরনের পরিকল্পনা কার্যকর করা হয়েছে। এই পদক্ষেপ জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনের প্রতি দায়বদ্ধতা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিফলন।

Advertisement

Advertisement