নির্বাচনকে সামনে রেখে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কড়াভাবে নিয়ন্ত্রণে আনতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে কলকাতা পুলিশ। নতুন নগরপাল অজয় নন্দ দায়িত্ব নেওয়ার পরই শহরের সমস্ত থানা এবং ডিভিশনাল ডেপুটি কমিশনারদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছেন। এই নির্দেশিকার মূল লক্ষ্য হল নির্বাচন-পূর্ব সময়ে সম্ভাব্য ঝুঁকি কমিয়ে আনা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা।
সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির মধ্যে রয়েছে শহরজুড়ে ছড়িয়ে থাকা বেআইনি আগ্নেয়াস্ত্র চিহ্নিত করে দ্রুত সেগুলি উদ্ধার ও বাজেয়াপ্ত করা। লালবাজার সূত্রে জানা গিয়েছে, বিশেষ করে সংবেদনশীল এলাকাগুলিকে চিহ্নিত করে সেখানে নজরদারি বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। ভাঙড় ডিভিশনসহ একাধিক গুরুত্বপূর্ণ অঞ্চলে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
Advertisement
প্রতিটি থানাকে আরও সক্রিয় হয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালাতে বলা হয়েছে, যাতে কোনওভাবেই অপরাধীরা অস্ত্র মজুত বা ব্যবহার করার সুযোগ না পায়। পুলিশ কমিশনার অজয় নন্দ স্পষ্টভাবে জানিয়েছেন যে, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপই নেওয়া হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কোনওরকম শীথিলতা বরদাস্ত করা হবে না।
Advertisement
এই নির্দেশ পাওয়ার পর শহরের বিভিন্ন থানার পুলিশ ও গোয়েন্দা বিভাগ ইতিমধ্যেই তৎপর হয়ে উঠেছে। বেআইনি অস্ত্র উদ্ধারে শুরু হয়েছে বিশেষ অভিযান। পাশাপাশি, রাতের সময় শহরের গুরুত্বপূর্ণ মোড় এবং প্রবেশ ও প্রস্থান পথগুলিতে নাকা তল্লাশি আরও জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপর রাখা হবে কড়া নজর।
পুলিশের মতে, নির্বাচন যত ঘনিয়ে আসে, ততই বেআইনি অস্ত্র ব্যবহারের সম্ভাবনা বেড়ে যায়। তাই আগাম সতর্কতা হিসেবে এই পদক্ষেপগুলি নেওয়া হয়েছে। অস্ত্র উদ্ধারের পাশাপাশি সম্ভাব্য দুষ্কৃতীদের চিহ্নিত করে নজরদারি চালানোর কাজও চলছে জোরকদমে। সব মিলিয়ে, শহরে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে কলকাতা পুলিশ সর্বাত্মকভাবে প্রস্তুত।
Advertisement



