পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি সোমবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম রাষ্ট্রপতির সঙ্গে তাঁর বৈঠক। তবে এই সাক্ষাৎ শুধুই সৌজন্যমূলক নাকি অন্য কোনও প্রশাসনিক বা রাজনৈতিক কারণ রয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
ভোটের মুখে হঠাৎই রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন সিভি আনন্দ বোস। তাঁর জায়গায় প্রাক্তন আইপিএস আধিকারিক আরএন রবিকে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল করা হয়েছে। নির্বাচনের ঠিক আগে কেন এই পরিবর্তন করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Advertisement
এরই মধ্যে রবিবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। ভোট ঘোষণার পর থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নিচ্ছে কমিশন। রাজ্য প্রশাসনের কয়েকজন শীর্ষ আধিকারিককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি থেকে শুরু করে কলকাতা পুলিশের কমিশনার— এই তালিকায় একাধিক গুরুত্বপূর্ণ পদ রয়েছে। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ বাংলার নতুন রাজ্যপালের। যা নিয়ে ইতিমধ্যেই ভোটমুখী বাংলায় চর্চা শুরু হয়েছে
Advertisement
উল্লেখ্য, গত ১২ মার্চ পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে শপথ নেন আরএন রবি। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিশিষ্টজন।
Advertisement



