• facebook
  • twitter
Sunday, 15 March, 2026

ভোট ঘোষণা হতেই সোনারপুর দক্ষিণে শক্তিপ্রদর্শন লাভলি মৈত্রের

টিকিট পাওয়া নিয়ে জল্পনার প্রসঙ্গে তিনি বলেন, ‘কে টিকিট পাবেন, তা দলের শীর্ষ নেতৃত্ব ঠিক করবে। তবে যিনিই টিকিট পান না কেন, তিনি জিতবেন।’

বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরই সোনারপুর দক্ষিণে শক্তিপ্রদর্শনে নামলেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। রবিবার নিজের বিধানসভা এলাকায় বড়সড় বাইক মিছিল করে সংগঠনের শক্তি প্রদর্শন করেন তিনি। এর জেরে আবারও জল্পনা শুরু হয়েছে, সোনারপুর দক্ষিণ কেন্দ্রে তিনি কি ফের দলের টিকিট পাবেন?

কিছুদিন আগে এলাকায় তৃণমূলের দেওয়াল লিখনে প্রার্থী হিসেবে লাভলি মৈত্রের নাম দেখা গিয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসতেই তা নিয়ে রাজনৈতিক মহলে জোর শোরগোল পড়ে। পরে সেই দেওয়াল লিখন থেকে তাঁর নাম মুছে ফেলা হয়। এর পর থেকেই তাঁর টিকিট পাওয়া নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে।

Advertisement

রবিবার লাঙলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকা থেকে বাইক মিছিল শুরু হয়। সেখান থেকে হরিণাভি, রাজপুর, সোনারপুর মোড়, ঘাসিয়াড়া, তেমাথা হয়ে মকরামপুর পর্যন্ত মিছিল যায়। মিছিলে তৃণমূল কর্মী ও সমর্থকদের বড় উপস্থিতি লক্ষ্য করা যায়।

Advertisement

সোনারপুর দক্ষিণে তৃণমূলের গোষ্ঠীকোন্দল আগে থেকেই রাজনৈতিক আলোচনার বিষয়। সেই প্রেক্ষাপটে হঠাৎ এই বাইক মিছিলকে ঘিরে নানা ব্যাখ্যা সামনে আসছে। অনেকের মতে, দলের কাছে নিজের জনপ্রিয়তা এবং সংগঠনের শক্তি দেখাতেই এই কর্মসূচি।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে অভিনেত্রী লাভলি মৈত্রের নাম প্রথমে প্রার্থী হিসেবে খুব বেশি আলোচনায় ছিল না। কিন্তু শেষ পর্যন্ত দল তাঁকেই প্রার্থী করে। এবার পাঁচ বছর পর তাঁর টিকিট পাওয়া নিয়ে দলের ভিতরেই মতভেদ রয়েছে বলে রাজনৈতিক সূত্রের দাবি।

তবে গোষ্ঠীকোন্দলের অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছেন লাভলি মৈত্র। তিনি জানান, এই বাইক মিছিলে দলের সব স্তরের কর্মী-সমর্থকরাই অংশ নিয়েছেন। তাঁর কথায়, ‘দলের সংগঠনকে আরও শক্তিশালী করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।’

টিকিট পাওয়া নিয়ে জল্পনার প্রসঙ্গে তিনি বলেন, ‘কে টিকিট পাবেন, তা দলের শীর্ষ নেতৃত্ব ঠিক করবে। তবে যিনিই টিকিট পান না কেন, তিনি জিতবেন।’

Advertisement