• facebook
  • twitter
Sunday, 15 March, 2026

আজই পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন

পশ্চিমবঙ্গ-সহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট আজ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। দিল্লির বিজ্ঞান ভবনে বিকেলে সাংবাদিক বৈঠকে জানানো হবে ভোটের দিনক্ষণ।

প্রতীকী চিত্র

আজই রাজ্যের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ঘোষণা করা হবে বলে সূত্রের খবর। এদিন বিকেল চারটেয় দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন। সেখানেই আসন্ন নির্বাচনের দিনক্ষণ জানানো হবে বলে প্রশাসনিক সূত্রে খবর।

এই সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ। বৈঠকে পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম, তামিলনাড়ু, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের সূচিও ঘোষণা করা হতে পারে।

Advertisement

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে, এ বার পশ্চিমবঙ্গে ভোটের দফা আগের তুলনায় অনেকটাই কম হতে পারে। গত কয়েকটি নির্বাচনে রাজ্যে ছয় থেকে সাত দফায় ভোটগ্রহণ হয়েছিল। ২০২১ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল আট দফায়। তবে এবার দুই বা তিন দফার মধ্যেই পুরো ভোটপর্ব শেষ করার পরিকল্পনা রয়েছে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।

Advertisement

প্রথম দফার ভোট বাংলা নববর্ষের পরে অর্থাৎ পনেরো এপ্রিলের পর হতে পারে বলে জানা গিয়েছে। যদিও দফা কমানোর পরিকল্পনা থাকলেও নিরাপত্তা ব্যবস্থায় কোনওরকম ঢিলেমি রাখতে চাইছে না নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে অতীতে রাজনৈতিক সংঘর্ষের ঘটনাগুলি মাথায় রেখে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে।

একই সঙ্গে ভোট পর্যবেক্ষকের সংখ্যাও বাড়ানো হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করাই তাদের প্রধান লক্ষ্য।

সম্প্রতি নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ কলকাতা সফরে এসে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছিল। সেই বৈঠকে অধিকাংশ দলই কম দফায় ভোটের দাবি জানিয়েছিল বলে জানা গিয়েছে।

অন্যদিকে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। কয়েক লক্ষ নাম এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে তথ্যগত অসঙ্গতির বিষয়গুলি খতিয়ে দেখছেন কলকাতা হাইকোর্ট নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকেরা। গত ২৮ ফেব্রুয়ারি সংশোধন প্রক্রিয়ার ভিত্তিতে একটি অসম্পূর্ণ ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে।

Advertisement