• facebook
  • twitter
Wednesday, 11 March, 2026

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে রাজ্যগুলির সঙ্গে বৈঠক স্বরাষ্ট্রসচিবের

রাজ্যগুলির প্রশাসনিক কর্তাদেরও নির্দেশ দেওয়া হয়েছে, কোথাও যদি সরবরাহে সমস্যা দেখা দেয়, তা দ্রুত কেন্দ্রকে জানাতে হবে এবং স্থানীয় স্তরে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

দেশজুড়ে রান্নার গ্যাসের সরবরাহ যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শীর্ষ প্রশাসনিক কর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। বৈঠকে সব রাজ্যের মুখ্যসচিব এবং পুলিশ মহাপরিদর্শকদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি এবং জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের প্রেক্ষিতে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে স্বরাষ্ট্রসচিব রাজ্যগুলিকে স্পষ্ট নির্দেশ দেন, রান্নার গ্যাসের মজুত, পরিবহণ ও বণ্টন ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, যাতে দেশের কোথাও সাধারণ মানুষের কাছে সরবরাহে সমস্যা না হয়।

Advertisement

বৈঠকে বিশেষভাবে জোর দেওয়া হয় গ্যাস পরিবহণের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন চলাচলের উপর। বিভিন্ন রাজ্যের প্রশাসনকে বলা হয়েছে, গ্যাসবাহী ট্যাঙ্কারগুলির চলাচলে যাতে কোনও বাধা না পড়ে সে বিষয়ে নজর রাখতে হবে। প্রয়োজনে স্থানীয় প্রশাসন ও পুলিশের সমন্বয়ে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

Advertisement

স্বরাষ্ট্রসচিব আরও জানান, দেশে এলপিজি মজুত পরিস্থিতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। জ্বালানি সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। যাতে সাধারণ মানুষ কোনও ধরনের আতঙ্কে না ভোগেন এবং গ্যাসের সরবরাহ স্বাভাবিক থাকে।

রাজ্যগুলির প্রশাসনিক কর্তাদেরও নির্দেশ দেওয়া হয়েছে, কোথাও যদি সরবরাহে সমস্যা দেখা দেয়, তা দ্রুত কেন্দ্রকে জানাতে হবে এবং স্থানীয় স্তরে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে।

প্রশাসনিক মহলের মতে, দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা সচল রাখতে কেন্দ্র ও রাজ্যের সমন্বিত পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই এই বৈঠকের মাধ্যমে সব রাজ্যের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নেওয়া হয়েছে।

Advertisement