বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের তেররশিয়া পোড়াগ্রাম এলাকায় মসজিদ কমিটি একটি ‘ফরমান’ জারি করেছে। আর তা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। মসজিদ কমিটি গানবাজনা ও বাদ্যযন্ত্র বাজানোকে ‘হারাম’ বলে ঘোষণা করেছে। এ সিদ্ধান্ত অনুযায়ী, কোনও বিয়েবাড়িতে গানবাজনা করা হলে সেখানে বিয়ে করাতে যাওয়া থেকে বিরত থাকবেন স্থানীয় আলেমরা। স্থানীয় সূত্রে জানা যায়, এই ফরমান কয়েক মাস আগে জারি হয়েছিল এবং তা প্রচারের জন্য গ্রামে ব্যানার, ফেস্টুনও টাঙানো হয়েছিল।
ফরমানের শিরোনামে লেখা ছিল, ‘গানবাজনা বা বাদ্যযন্ত্রমুক্ত সমাজ গঠনের সিদ্ধান্ত’, যেখানে বলা হয়েছিল, উচ্চশব্দে বাদ্যযন্ত্র বা গান বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই পদক্ষেপকে গ্রামের প্রবীণদের একাংশ সমর্থন করলেও, তরুণদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তাঁদের মতে, বিয়েবাড়িতে গানবাজনা সামাজিক ও সাংস্কৃতিক এবং স্বাভাবিক অংশ, যা বন্ধ হওয়া উচিত নয়।
Advertisement
সম্প্রতি এই ফরমানের বিষয়টি জনসমক্ষে আসার পর স্থানীয় প্রশাসন তৎপরতা দেখায়। পুলিশ গ্রামে অভিযান চালিয়ে এই সংক্রান্ত পোস্টার, ব্যানার, ফেস্টুন এবং বিজ্ঞপ্তি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে। পরবর্তী সময়ে মসজিদ কমিটির সদস্যদের স্থানীয় প্রশাসনের কাছে ডেকে পাঠানো হয়। সেখানে তাঁরা নিজেদের ভুল স্বীকার করেন এবং জানান, ‘না-বুঝেই এই নিষেধাজ্ঞা জারি হয়েছিল।‘ এছাড়া সভা করে ওই বিজ্ঞপ্তি প্রত্যাহার করার প্রতিশ্রুতিও দিয়েছেন তারা।
Advertisement
গ্রামে ফরমান জারি হওয়ার পর প্রতিক্রিয়া ছিল মিশ্র। প্রবীণরা কিছুটা সমর্থন জানিয়েছিলেন, তবে তরুণরা প্রধানত বিরোধিতা করেছিলেন। অনেকের বক্তব্য, বিয়ে মানে আনন্দের উৎসব, সেখানে গানবাজনা বন্ধ করায় কোনও যৌক্তিকতা নেই। শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপ ও মসজিদ কমিটির ক্ষমাপ্রার্থনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই ঘটনায় স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক জীবনের স্বাভাবিকতা বজায় রাখার গুরুত্বও সামনে এসেছে।
Advertisement



