• facebook
  • twitter
Friday, 6 March, 2026

জন্মহার বাড়াতে অভিনব উদ্যোগ অন্ধ্রপ্রদেশে, দুই বা তার বেশি সন্তান হলে মিলবে ২৫০০০ হাজার টাকা

আগামী এপ্রিল মাস থেকেই তা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে

ফাইল চিত্র

জন্মহার কমে যাওয়া নিয়ে উদ্বেগ বাড়ছে বিশ্বের বহু দেশেই। এই পরিস্থিতিতে জন্মহার বাড়াতে নতুন উদ্যোগ নিল অন্ধ্রপ্রদেশ সরকার। দুই বা তার বেশি সন্তান হলে সংশ্লিষ্ট দম্পতিকে ২৫ হাজার টাকা করে দেওয়ার পরিকল্পনা করছে রাজ্য প্রশাসন। বৃহস্পতিবার এই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু। জানা গিয়েছে, চলতি মাসের মধ্যেই এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।

বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যে জন্মহার উদ্বেগজনকভাবে কমে গিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, অন্ধ্রপ্রদেশে টোটাল ফার্টিলিটি রেট (টিএফআর) এখন প্রায় ১.৫। তা প্রতিস্থাপন স্তরের নীচে।  কিন্তু জনসংখ্যাকে স্থিতিশীল রাখতে সাধারণত এই হার ২.১ হওয়া প্রয়োজন, যাকে ‘রিপ্লেসমেন্ট লেভেল’ বলা হয়। এই লক্ষ্যেই নতুন পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।

Advertisement

চন্দ্রবাবু নায়ডু জানান, সরকার একটি অভিনব উদ্যোগের কথা ভাবছে। কোনও দম্পতির দুই বা তার বেশি সন্তান জন্মালে তাঁদের প্রত্যেকবারই ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। শিশুর জন্মের সময়ই এই অর্থ প্রদান করা হবে বলে প্রস্তাব রয়েছে। তাঁর মতে, এই পদক্ষেপ জন্মহার বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এবং জনসংখ্যার ভারসাম্য রক্ষায় সহায়ক হবে।

Advertisement

বিধানসভায় আলোচনার সময় মুখ্যমন্ত্রী আরও বলেন, জন্মহার কমে যাওয়া এখন শুধু অন্ধ্রপ্রদেশের সমস্যা নয়; বিশ্বের বহু দেশ একই সংকটে পড়েছে। অনেক জায়গায় জনসংখ্যার গড় বয়স দ্রুত বাড়ছে। এর ফলে কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যাচ্ছে এবং উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে। দীর্ঘমেয়াদে এর প্রভাব পড়ে অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নের উপর।

এই কারণেই ভবিষ্যতের কথা মাথায় রেখে এখন থেকেই ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছে রাজ্য সরকার। চন্দ্রবাবু নায়ডু জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকে এই নতুন প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। এরপর আগামী এপ্রিল মাস থেকেই তা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের আশা, এই উদ্যোগ জন্মহার বৃদ্ধিতে উৎসাহ জোগাবে এবং ভবিষ্যতে জনসংখ্যার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে।

 

Advertisement