২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় আতঙ্কে মৃত্যু হল এক বৃদ্ধের । মৃতের নাম কৃষ্ণ পাল (৬৬)। বাড়ি ডেবরা ব্লকের ডেবরা গ্রামে । লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকার কারণে খসড়া ভোটার তালিকা থেকে বাদ যায় কৃষ্ণ পাল এবং তার ছেলে দীপাঞ্জন পালের নাম । এরপরে হিয়ারিং এ গিয়ে নিজের এবং নিজের ছেলের যাবতীয় নথিপত্র জমা দেন কৃষ্ণবাবু । চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকবে এই আশাতেই তিনি ছিলেন।
কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যায় বাবা ও ছেলে কারও নামই সেই তালিকায় নেই । এরপর থেকেই মানসিক উৎকণ্ঠায় ভুগতে থাকেন কৃষ্ণবাবু । সোমবার তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মেদিনীপুরে রেফার করা হয়। কিন্তু মেদিনীপুর নিয়ে যাওয়ার পথে রাস্তাতেই তার মৃত্যু হয় । পরিবারের অভিযোগ, চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন কৃষ্ণবাবু ।
আতঙ্কের কারণেই তার মৃত্যু হয়েছে,এটাই অভিযোগ। বুধবার মৃতের বাড়িতে যান ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর। বিধায়ক বলেন , এই মৃত্যুর জন্য দায়ী নির্বাচন কমিশন । যে কাজ সম্পূর্ণ করার কথা দেড় দু বছরে সেই কাজ তিন চার মাসে করতে গিয়েই ভোটার তালিকায় নানা অসংগতি থাকছে। সেই কারণেই কৃষ্ণবাবু এবং তার ছেলের নাম বাদ পড়ে। নাম বাদ যাওয়ায় সরকারি সুযোগ-সুবিধে আর পাবেন না এর ফলেই তিনি আতঙ্কে ছিলেন । এই আতঙ্ক থেকেই তার মৃত্যু হয়েছে।
Advertisement