বাঁকুড়ার জয়পুর রেঞ্জে দলছুট দাঁতালের তাণ্ডবে এক গ্রামবাসীর মৃত্যু। বুধবার ভোরের ঘটনায় গুরুতর জখম আরও ৬। ভোরবেলায় হঠাৎই লোকালয়ে ঢুকে তাণ্ডব চালায় হাতিটি। জয়পুর ব্লকের রাউৎখণ্ড গ্রামের বাসিন্দা ৫৬ বছর বয়সী বিজয় কোলের মৃত্যু হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তর ও স্থানীয় পুলিশ প্রশাসন। তাঁরাই আহত ছ’জনকে উদ্ধার করে স্থানীয় জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। আপাতত সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
সূত্রের খবর, এ দিন ভোর থেকেই রাউৎখণ্ড, জামডিগরি ও কলাবনি গ্রামে তাণ্ডব চালাতে শুরু করে ওই দাঁতাল। প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, রাউৎখণ্ড থেকে বের হয়ে হাতি পার্শ্ববর্তী জামডিগরি ও কলাবনি এলাকায় ঢুকে পড়ে। বনদপ্তরের কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু দীর্ঘ চেষ্টার পরেও হাতিটিকে বাগে আনা সম্ভব হয়নি। আপাতত স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
Advertisement
স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে বিজয়বাবু কয়েকজনের সঙ্গে মাঠে আলু তুলতে গিয়েছিলেন। সেই সময় একটি পূর্ণবয়স্ক হাতি গ্রামে ঢুকে পড়ে। প্রথমে সেটি রাস্তার মাঝে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেও পরে আচমকাই উত্তেজিত হয়ে ওঠে। চিৎকার-চেঁচামেচি আর দৌড়ঝাঁপে মুহূর্তে বিশৃঙ্খলা তৈরি হয়। সেই হুড়োহুড়ির মধ্যেই সামনে পড়ে যান বিজয়বাবু। প্রত্যক্ষদর্শীদের দাবি, হাতিটি তাঁকে শুঁড়ে পেঁচিয়ে তুলে মাটিতে আছাড় মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
Advertisement
গ্রামের বাসিন্দা রমেশ মাহাতো জানান, সবাই দিশেহারা হয়ে দৌড়চ্ছিলেন। ঠিক সেই সময়েই বিপত্তি ঘটে। আরেক প্রত্যক্ষদর্শী সুকুমার কোলে বলেন, কেউ কেউ হাতিটিকে তাড়ানোর চেষ্টা করছিল, আবার কেউ খুব কাছে গিয়ে মোবাইলে ভিডিও তুলছিল। এতে প্রাণীটি আরও ক্ষিপ্ত হয়ে ওঠে বলে তাঁর ধারণা। হাতির দাপাদাপিতে রাস্তার ধারে রাখা সাইকেল ও সবজির ঝুড়ি ছিটকে পড়ে। আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। আহত তিনজনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুর রেঞ্জের বন আধিকারিক রাজু দাস জানান, হাতিটি সম্ভবত দলছুট হয়ে লোকালয়ে ঢুকে পড়েছিল। বন্যপ্রাণীকে উত্ত্যক্ত করা হলে তারা দ্রুত আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। হাতিটিকে শান্ত করে জঙ্গলে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কয়েক মিনিটের এই তাণ্ডবেই স্তব্ধ হয়ে যায় রাউৎখন্ড গ্রামের স্বাভাবিক ছন্দ।
Advertisement



