• facebook
  • twitter
  • youtube
Wednesday, 22 July, 2026

নিউটাউনে জৈন মন্দিরের জন্য ৫ একর জমি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্ব বাংলা গেট থেকে প্রায় ৬০০ মিটার দূরত্বে পাঁচ একর জমি এই প্রকল্পের জন্য নির্ধারিত হয়েছে

নিউটাউনে জৈন মন্দিরের জন্য ৫ একর জমি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিউটাউনে আরও একটি ধর্মীয় পরিকাঠামো গড়ে উঠতে চলেছে। কয়েক মাস আগে দুর্গাঙ্গনের ভিতপুজো করার পর এবার একই এলাকায় জৈন মন্দির তৈরির জন্য জমি চিহ্নিত করা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, বিশ্ব বাংলা গেট থেকে প্রায় ৬০০ মিটার দূরত্বে পাঁচ একর জমি এই প্রকল্পের জন্য নির্ধারিত হয়েছে। দোলযাত্রা ও হোলি উপলক্ষে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত রাজ্য সরকারের মিলন উৎসবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি একাধিক ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করেন এবং একইসঙ্গে জৈন সম্প্রদায়ের দীর্ঘদিনের একটি দাবির কথা উল্লেখ করেন।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, জৈন সমাজের প্রতিনিধিরা তাঁর কাছে নিউ টাউনে মন্দির গড়ার জন্য জমির আবেদন করেছিলেন। তিনি তাঁদের একটি ট্রাস্ট গঠনের পরামর্শ দেন। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর জমি হস্তান্তর করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, নির্দিষ্ট জায়গাটি বিশ্ব বাংলা গেটের খুব কাছেই এবং প্রায় পাঁচ একর বিস্তৃত। ট্রাস্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জমি দেওয়ার ব্যবস্থা করা হবে। সরকারের এই সিদ্ধান্তে জৈন সম্প্রদায়ের মধ্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস তৈরি হয়েছে।

উল্লেখ্য, ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড ইনট্যানজিবল হেরিটেজ’ স্বীকৃতি পাওয়ার পর দুর্গাপুজোর জন্য একটি স্থায়ী দুর্গাঙ্গন তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী নিউটাউনে দুর্গাঙ্গনের কাজ শুরু হয়েছে এবং গত ২৯ ডিসেম্বর তার ভিতপুজো সম্পন্ন হয়। প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে প্রায় ২৬১ কোটি ৯৯ লক্ষ টাকা। এছাড়াও সম্প্রতি শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাসও করেছেন তিনি। নিউটাউন ধীরে ধীরে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। দুর্গাঙ্গনের পর জৈন মন্দির গড়ে উঠলে সেই পরিসর আরও বিস্তৃত হবে বলেই মনে করছে প্রশাসনিক মহল।