পূর্ব বর্ধমানের পূর্বস্থলি ১ ব্লকে বিজেপির ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়াল। অভিযোগ, কর্মসূচি চলাকালীন বিজেপির মণ্ডল সভাপতিকে মারধর করা হয়েছে। ঘটনায় কাঠগড়ায় তোলা হয়েছে পূর্বস্থলি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রাজকুমার পাণ্ডে ও তাঁর অনুগামীদের। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।
বিজেপি সূত্রে দাবি, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এলাকায় ‘চায়ে পে চর্চা’ চলছিল। সেই সময় তৃণমূল কর্মীরা সেখানে এসে বচসায় জড়িয়ে পড়েন এবং হঠাৎই হামলা চালান। এতে বিজেপির মণ্ডল সভাপতি সহ কয়েকজন কর্মী আহত হন বলে অভিযোগ। আহতদের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে।
Advertisement
অন্যদিকে, তৃণমূলের ব্লক সভাপতি রাজকুমার পাণ্ডে অভিযোগ উড়িয়ে দিয়ে জানান, রাস্তায় চেয়ার পেতে বিজেপির কর্মসূচি চলছিল, যা নিয়ে স্থানীয়দের আপত্তি ছিল। সেই প্রতিবাদ ঘিরেই গোলমাল বাধে। তাঁর দাবি, তৃণমূলের পক্ষ থেকে কোনও হামলা চালানো হয়নি। বরং বিজেপিই পরিস্থিতি উত্তপ্ত করেছে।
Advertisement
ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে। বিজেপির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জেলা সভানেত্রী স্মৃতি কণা বসু হুঁশিয়ারি দিয়ে বলেন, অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে দল। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। রাজনৈতিক তরজা ও পাল্টা অভিযোগে পূর্বস্থলির পরিস্থিতি থমথমে।
Advertisement



