• facebook
  • twitter
Tuesday, 24 February, 2026

১৮ মাস পর ফের চালু আগরতলা–কলকাতা মৈত্রী বাস পরিষেবা

বাংলাদেশ হয়ে উত্তর-পূর্ব ভারতে যাতায়াতে খুলল নতুন দিগন্ত

দীর্ঘ ১৮ মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আবার চালু হল আগরতলা–কলকাতা মৈত্রী আন্তর্জাতিক বাস পরিষেবা। বাংলাদেশের রাজধানী ঢাকা হয়ে চলাচল করা এই পরিষেবা পুনরায় শুরু হওয়ায় দুই দেশের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও মজবুত হবে বলেই মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা।

সোমবার কলকাতা থেকে প্রথম বাসটি যাত্রা শুরু করে ঢাকা হয়ে মঙ্গলবার আগরতলায় পৌঁছয়। আগরতলা–আখাউড়া সমন্বিত চেকপোস্টে যাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরার পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, পরিবহণ নিগমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

Advertisement

প্রসঙ্গত, আগে আগরতলা থেকে কলকাতা যেতে গুয়াহাটি হয়ে প্রায় ১,৬৫০ কিলোমিটার পথ অতিক্রম করতে হত। কিন্তু বাংলাদেশ হয়ে এই দূরত্ব কমে মাত্র ৬২০ কিলোমিটার হয়েছে। ফলে সময়, খরচ এবং কষ্ট— সবই অনেক কমেছে। ত্রিপুরা পরিবহন নিগমের এক আধিকারিক জানান, আপাতত সপ্তাহে তিন দিন আগরতলা থেকে এবং তিন দিন কলকাতা থেকে বাস চলবে। এছাড়াও আগরতলা–ঢাকা সরাসরি বাস পরিষেবাও শীঘ্রই চালু করার পরিকল্পনা রয়েছে।

Advertisement

মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ‘এই বাস পরিষেবা শুধু একটি পরিবহন মাধ্যম নয়, এটি দুই দেশের বন্ধুত্ব, সহযোগিতা এবং আস্থার প্রতীক। নতুন পর্যায়ে এই পরিষেবা চালু হওয়ায় সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে।’ তাঁর মতে, ভারত ও বাংলাদেশের উন্নয়ন একে অপরের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। আর এই ধরনের উদ্যোগ সেই সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। এই পরিষেবা চালু হওয়ার ফলে যাত্রীদের জন্য যাতায়াত অনেক সহজ হয়ে যাবে।

উল্লেখ্য, কোভিড পরিস্থিতির সময় প্রথমে এই পরিষেবা বন্ধ হয়ে যায়। পরে ২০২২ সালের জুনে পুনরায় চালু হলেও, বাংলাদেশে একটি বাস দুর্ঘটনা এবং পরবর্তী হিংসাত্মক ঘটনার জেরে আবার পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এছাড়া গত বছর শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে অস্থির পরিস্থিতির কারণেও বাস পরিষেবা চালু করা সম্ভব হয়নি। বর্তমানে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং প্রশাসনিক স্তরে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ায় ফের এই পরিষেবা চালু করা হয়েছে। বিশেষ করে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন আবার ভিসা প্রদানও শুরু করেছে বলে জানা গিয়েছে।

Advertisement