• facebook
  • twitter
  • youtube
Friday, 5 June, 2026

এসএসসি-র একাদশ-দ্বাদশে ১৭২ জনকে সুপারিশপত্র দেওয়া শুরু হল

প্রথম পর্যায়ে সাতটি বিষয়ের কাউন্সিলিং শুরু হয়েছে, যা মঙ্গল ও বুধবার চলবে

দীর্ঘদিন পরে কাটতে চলেছে নিয়োগ জটিলতা। বিধানসভা ভোটের আগেই বড় পদক্ষেপ করল রাজ্যের স্কুল সার্ভিস কমিশন। সোমবার থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক পদে সফল প্রার্থীদের হাতে নিয়োগের সুপারিশপত্র তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। কমিশন সূত্রে খবর, জাতি ও বিষয়ভিত্তিক শূন্যপদের পূর্ণাঙ্গ তালিকা কমিশনের হাতে পৌঁছনোর পরই দ্রুত কাউন্সিলিংয়ের দিনক্ষণ ঠিক করা হয়েছে।

প্রথম পর্যায়ে সাতটি বিষয়ের কাউন্সিলিং শুরু হয়েছে, যা মঙ্গল ও বুধবার চলবে। এই দফায় ১৭২ জন সফল প্রার্থী তাঁদের পছন্দের স্কুল বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন। পরবর্তী ধাপে বাকি প্রার্থীদের ডাকা হবে। কমিশনের দাবি, সম্পূর্ণ প্রক্রিয়াই স্বচ্ছতা বজায় রেখে পরিচালিত হচ্ছে।

ইতিমধ্যে চূড়ান্ত মেধাতালিকা ও ওয়েটিং লিস্ট মিলিয়ে প্রায় ১৮ হাজার প্রার্থীর নাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৪৪৫টি শূন্যপদে নিয়োগের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের কাউন্সিলিংয়ে ডেকে তাঁদের পছন্দের শূন্যপদ বা বিদ্যালয় নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে।

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দীর্ঘ আইনি জটিলতা ও আন্দোলনের জেরে রাজ্যের প্রশাসনিক ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছিল মত ওয়াকিবহাল মহলের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগের সুপারিশপত্র তুলে দিয়ে সরকার কর্মসংস্থান নিয়ে নিজেদের সক্রিয় অবস্থান স্পষ্ট করতে চাইছে। তবে আইনি জটিলতা সম্পূর্ণ কাটিয়ে দ্রুত ও নির্বিঘ্নে নিয়োগ সম্পন্ন করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বর্তমান গতিতে কাউন্সিলিং প্রক্রিয়া এগোলে আগামী কয়েক দিনের মধ্যেই একাদশ-দ্বাদশ স্তরের শিক্ষক নিয়োগ অনেকটাই গুছিয়ে ফেলা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।