• facebook
  • twitter
  • youtube
Saturday, 6 June, 2026

মধ্যপ্রদেশে ফের আক্রান্ত বাংলার শ্রমিক

একটি কাপড়ের কারখানায় কাজ করতেন তিনি। অভিযোগ, ১৯ ফেব্রুয়ারি তাঁর উপর হামলা চালানো হয়েছে। ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপান হয় তাঁকে।

বিজেপিশাসিত রাজ্যে ফের আক্রান্ত বাংলার এক পরিযায়ী শ্রমিক। এবার মধ্যপ্রদেশে আক্রান্ত হলেন মালদহের কালিয়াচকের যুবক সৈয়দ শেখ। অভিযোগ, সৈয়দকে ছুরি দিয়ে কোপানো হয়েছে। তাঁর হাতে এবং পেটে গুরুতর আঘাত লেগেছে। ভিনরাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের উপর হামলা যেন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বিজেপিশাসিত রাজ্যগুলিতে নিয়মিতই বাংলাভাষীদের উপর আক্রমণ চলছে বলে অভিযোগ।

জানা গিয়েছে, মালদহের কালিয়াচকের পাহাড়পুরের বাসিন্দা সৈয়দ শেখ। কাজের সন্ধানে বেশ কিছুদিন আগে তিনি মধ্যপ্রদেশে গিয়েছিলেন। সেখানে একটি কাপড়ের কারখানায় কাজ করতেন তিনি। অভিযোগ, ১৯ ফেব্রুয়ারি তাঁর উপর হামলা চালানো হয়েছে। ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপান হয় তাঁকে। গুরুতর জখম ওই যুবক বর্তমানে বুন্দেলখণ্ড মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। কে বা কারা এবং কেন সৈয়দকে এভাবে মারল তা এখনও জানা যায়নি। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতারও হননি। পুলিশ ঘটনার তদন্ত করছে। যথারীতি এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে তৃণমূল।