গুজরাত উপকূলের কাছে ভারতীয় জলসীমায় ঢুকে পড়া ইরানের একটি সন্দেহজনক নৌকাকে আটক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ২১ ফেব্রুয়ারি দ্বারকা থেকে প্রায় ১১৫ নটিক্যাল মাইল পশ্চিমে, ভারতীয় এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে ‘আল মুখতার’ নামের নৌকাটি চিহ্নিত করা হয়। তল্লাশিতে ২০০ কার্টন বিদেশি ব্র্যান্ডের সিগারেট, প্রায় এক লক্ষ প্যাকেট উদ্ধার হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় পাঁচ কোটি টাকা। চার ইরানি নাগরিককে আটক করে নৌকাটি পোরবন্দরে নিয়ে যাওয়া হয়েছে। চোরাচালান ও সম্ভাব্য মাদক পাচার-যোগ খতিয়ে দেখা হচ্ছে।
নৌকাটি ভারতীয় জলসীমায় কী করছিল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। কোস্টগার্ড নৌকাটিকে গুজরাতের পোরবন্দরে টেনে নিয়ে গিয়েছে। অনুমান অবৈধ চোরাচালান ও মাদক পাচারের সঙ্গে যোগ রয়েছে এই নৌকার। ধৃত ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি, ভারতীয় কোস্টগার্ড এবং গুজরাত সন্ত্রাসবিরোধী স্কোয়াড একটি যৌথ অভিযানে দুই ইরানি নাগরিককে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল ২০০ কেজিরও বেশি সন্দেহজনক মাদক দ্রব্য। ধৃতদের সঙ্গে আটক করা নৌকার ক্রু-দের যোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
Advertisement
Advertisement



