ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কেন্দ্রের প্রধানমন্ত্রী আবাস যোজনা বা রাজ্যের বাংলার বাড়ি প্রকল্পের নথি গ্রহণযোগ্য নয়— এ কথা স্পষ্ট করে দিল জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালের দপ্তরের পাঠানো চিঠিতে কমিশন এই অবস্থান জানিয়েছে।
এসআইআরের শুনানিতে উল্লিখিত দুই প্রকল্পের নথি গ্রহণ করা যাবে কি না, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। ২০২৫ সালের ২৭ অক্টোবর জারি হওয়া নোটিসে সরকার অনুমোদিত জমি বা বাড়ির শংসাপত্র গ্রহণযোগ্য বলা হয়েছিল। সেই সূত্রে অনেকেই মনে করেছিলেন, আবাস যোজনার আর্থিক সাহায্য সংক্রান্ত কাগজপত্রও বৈধ হিসেবে ধরা হবে। শুনানিতে অনেকে সেই নথি জমাও দেন। পরিস্থিতি স্পষ্ট করতে গত ২১ জানুয়ারি কমিশনের সদর দপ্তরে চিঠি পাঠান মনোজকুমার আগরওয়াল।
কমিশনের জবাবে জানানো হয়েছে, এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি ও ১৯ জানুয়ারির নির্দেশিকায় যে নথির তালিকা দেওয়া আছে, কেবল সেগুলিই গ্রহণযোগ্য হবে। এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের ৯ ফেব্রুয়ারির নির্দেশের উল্লেখ করা হয়েছে। আদালত জানিয়েছিল, যাঁরা এসআইআরের নোটিস পাচ্ছেন তাঁরা শুধুমাত্র নির্দিষ্ট তালিকাভুক্ত নথির উপরই নির্ভর করতে হবে। যদিও বিজ্ঞপ্তিতে সরকার প্রদত্ত জমি বা বাড়ির শংসাপত্রের কথা রয়েছে, আবাস প্রকল্পের আর্থিক অনুমোদনপত্র তার অন্তর্ভুক্ত নয়।
রাজ্যে ইতিমধ্যেই এসআইআরের শুনানি পর্ব শেষ হয়েছে, বর্তমানে চলছে নথি যাচাইয়ের কাজ। আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে। যাঁরা শুনানিতে উল্লিখিত দুই প্রকল্পের নথি জমা দিয়েছেন, তাঁদের কাছ থেকে বিকল্প কাগজপত্র চাওয়া হতে পারে। কমিশন জানিয়েছে, চূড়ান্ত তালিকা প্রণয়নে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না; বিদেশি নাগরিকের নাম অন্তর্ভুক্ত থাকলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement