• facebook
  • twitter
  • youtube
Wednesday, 29 July, 2026

পর্যাপ্ত তথ্যের অভাব, ৮,৫০৫ গ্রুপ ‘বি’ অফিসারের তালিকা খারিজ কমিশনের

নির্বাচন কমিশনের দপ্তর জানিয়েছে, বিস্তারিত তথ্য-সহ নতুন করে তালিকা পাঠাতে হবে। তবেই তা গ্রহণ করা হবে

পর্যাপ্ত তথ্যের অভাব, ৮,৫০৫ গ্রুপ ‘বি’ অফিসারের তালিকা খারিজ কমিশনের

এসআইআর প্রক্রিয়া নিয়ে জটিলতা আরও বাড়ল। রাজ্য সরকারের পাঠানো ৮,৫০৫ জন গ্রুপ ‘বি’ আধিকারিকের তালিকা ফেরাল নির্বাচন কমিশন। কমিশনের অভিযোগ, তালিকায় প্রয়োজনীয় তথ্য নেই। কে কোন পদে আছেন, কোন গ্রেডের আধিকারিক, কতজন ইআরও পদে রয়েছেন—এসব বিবরণ দেওয়া হয়নি। নির্বাচন কমিশনের দপ্তর জানিয়েছে, বিস্তারিত তথ্য-সহ নতুন করে তালিকা পাঠাতে হবে। তবেই তা গ্রহণ করা হবে।
 কমিশনের এক আধিকারিক দৈনিক স্টেটসম্যান কে জানান, শ্রেণিবিভাগ ও পদবি স্পষ্ট না থাকায় তালিকাটি অসম্পূর্ণ বলে বিবেচিত হয়েছে কমিশনের নজরে। এই অসঙ্গতির বিষয়টি সুপ্রিম কোর্টের নজরেও আনা হতে পারে। গত ৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাজির ছিলেন।
সেদিন কমিশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বারবার অনুরোধ করেও পর্যাপ্ত যোগ্য আধিকারিক পাওয়া যায়নি। এর জেরে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে অসুবিধা হচ্ছে। এর জবাবে মুখ্যমন্ত্রী আদালতে পরিষ্কার জানিয়েছিলেন, প্রয়োজনীয় সংখ্যক যোগ্য কর্মী দিতে রাজ্য সরকার প্রস্তুত রয়েছে।
সেই তৈরি তালিকা ফেরত যাওয়ায় নতুন করে জল ঘোলা হল বলে মনে করছে বিশিষ্ট মহল। বিস্তারিত তথ্য-সহ তালিকা পাঠালে তবেই এই জটিলতার সমাধান হবে বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশেই এই তালিকা পাঠানো হয়েছিল বলে বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে।